চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। আজ বিকেলে শহরের নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় সদর উপজেলা ও নাচোল উপজেলা দল। খেলার নির্ধারিত সময়ে ৫-১ গোলে বিশাল জয় পায় সদর উপজেলা দল। খেলায় ৪টি গোল করে বিজয়ী দলের খেলোয়াড় ওমর আলী ও একটি করেন জয়। ম্যাচ সেরার পুরস্কারটি তুলে নেন জয় পাওয়া দলের খেলোয়াড় ওমর। বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) এই খেলা শুরু হয়। এ সময় জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মশিউর রহমান মিটু, সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং ম্যাচ সেরার পুরস্কারটি তুলে দেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নমান্টের পৃষ্ঠপোষকতা করছে শিল্পপ্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’।
আয়োজকরা জানান, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করা এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।