শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 28, 2026
August 28, 2026
খেলাধুলা
খেলাধুলা

চেলসিতে যাচ্ছেন আর্জেন্টাইন বাজপাখি মার্তিনেজ

Published: August 28, 2026 at 01:01 PM
চেলসিতে যাচ্ছেন আর্জেন্টাইন বাজপাখি মার্তিনেজ

চেলসির গোলপোস্টে বদলের হাওয়া। গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার পর এবার অভিজ্ঞ এক বিশ্বচ্যাম্পিয়নকে দলে টানছে লন্ডনের ক্লাবটি। অ্যাস্টন ভিলা থেকে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ৭.৫ মিলিয়ন পাউন্ডে দলে নেওয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছেছে চেলসি। বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএন।

৩৩ বছর বয়সী মার্তিনেজের সঙ্গে চেলসির চুক্তি হবে দুই বছরের। এর মধ্য দিয়ে ভিলায় তাঁর ছয় বছরের অধ্যায়েরও ইতি ঘটতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে স্ট্যামফোর্ড ব্রিজে দলের এক নম্বর গোলরক্ষকের দায়িত্ব নিতে পারেন বাজপাখি খ্যাত মার্তিনেজ।

চেলসির গোলরক্ষক সমস্যা নতুন নয়। তবে মৌসুমের শুরুতেই সানচেজের পারফরম্যান্স সেই পুরোনো দুশ্চিন্তাকে আবার সামনে নিয়ে এসেছে। ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে জশ কিংয়ের নেওয়া তুলনামূলক সহজ শটও সামলাতে ব্যর্থ হন সানচেজ। তাঁর সেই ভুলের পরই অভিজ্ঞ গোলরক্ষক আনার সিদ্ধান্ত দ্রুত এগিয়েছে বলে জানা গেছে।


চেলসির হাতে অবশ্য তরুণ বিকল্পও ছিল। ১৯ বছর বয়সী বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্স গত মৌসুমে স্ট্রাসবুর্গে ধারে খেলেছেন। বৃহস্পতিবার লুটনের বিপক্ষে কারাবাও কাপে চেলসির হয়ে প্রথমবার সিনিয়র দলে মাঠেও নামেন তিনি। কিন্তু শিরোপার লড়াইয়ে অভিজ্ঞতা ও স্থিরতার প্রয়োজনেই এবার মার্তিনেজকে বেছে নিচ্ছে চেলসি।

মার্তিনেজের সবচেয়ে বড় পরিচয় সে একজন আর্জেন্টাইন। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার গোলপোস্ট সামলেছেন এবং স্পেনের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছেন।

মার্তিনেজের অ্যাস্টন ভিলা অধ্যায়ও ছিল সাফল্যে ভরা। ২০২০ সালে প্রায় সাড়ে ১৭ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে ভিলায় যোগ দেওয়ার পর ধীরে ধীরে ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। গত মৌসুমে ইউরোপা লিগ জেতা ভিলা দলেরও অন্যতম প্রধান সদস্য ছিলেন মার্তিনেজ।


ভিলা অবশ্য এবার তাঁকে বিক্রি করতে আগ্রহী ছিল। দলটির স্কোয়াডের গড় বয়স কমানোর পরিকল্পনার অংশ হিসেবেই অভিজ্ঞ এই গোলরক্ষককে ছাড়ার পথ খোলা হয়েছিল। চলতি মাসের শুরুতে জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই আলোচনা ভেস্তে যায়।