বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দায়িত্ব পেয়েছেন। আগামী এসএ টোয়েন্টি আসরে জোবার্গ সুপার কিংসের বোলিং কোচ হিসেবে কাজ করবেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি পেসার। দলটির প্রধান কোচ আলবি মর্কেলের সঙ্গে কাজ করবেন তিনি।
বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর মূলত দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে আসছেন ডোনাল্ড। এবার এসএ টোয়েন্টির মঞ্চে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন সাবেক এই তারকা পেসার। জোবার্গ সুপার কিংসের কোচিং স্টাফে পরিবর্তনের অংশ হিসেবে ডোনাল্ডকে নিয়োগ দেওয়া হয়েছে। স্টিভেন ফ্লেমিং ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নেওয়ার পর আলবি মর্কেলকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে, দলের আগের বোলিং কোচ এরিক সাইমন্সও ফ্লেমিংয়ের সঙ্গে ইংল্যান্ডের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ডোনাল্ড।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত ডোনাল্ড। ‘সাদা বিদ্যুৎ’ নামে খ্যাত এই সাবেক ফাস্ট বোলার খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচ হিসেবেও দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। নিজ দেশের জাতীয় দলের বাইরে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন তিনি।এ ছাড়া ওয়ারউইকশায়ার, কেন্ট, পুনে ওয়ারিয়র্স, মাউন্টেনিয়ার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলেও কোচিং করিয়েছেন ডোনাল্ড। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে লায়ন্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
নতুন মৌসুম সামনে রেখে দল গঠনেও সক্রিয় ছিল মর্কেলের জোবার্গ সুপার কিংস। এসএ টোয়েন্টির মিনি নিলামে সবচেয়ে বেশি দাম পাওয়া দুই ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তরুণ অলরাউন্ডার জেসন রোলসকে ২৯ লাখ র্যান্ডে এবং অভিজ্ঞ ব্যাটার ফাফ দু প্লেসিকে ২৭ লাখ র্যান্ডে দলে ভিড়িয়েছে তারা। আগামী ১৭ জানুয়ারি শুরু হবে এসএ টোয়েন্টির পঞ্চম আসর। নতুন কোচিং স্টাফ ও শক্তিশালী দল নিয়ে শিরোপার লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে জোবার্গ সুপার কিংস।