শিবগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিয়াপাখি শিকারিদের কবল থেকে উদ্ধার করা হয়েছে ৬টি টিয়াপাখি। পরে পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাজহারুল ইসলাম। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে টিয়া শিকারের অপরাধে মিনার আলী নামে এক যুবককে ২০১২ সালের বন্যপ্রাাণী সংরক্ষণ আইনে ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়। দন্ডিত যুবক শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের পনেররশিয়া গ্রামের হাবিল আলীর ছেলে। ইউএনও বলেন, আজ দুপুর ১২টার দিকে মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের একটি ভূট্টাক্ষেতে টিয়া শিকারের বিরুদ্ধে অভিযান চালানো হয়। তবে খবর পেয়ে আগেই সটকে পড়ে শিকারিদের মূল দল। ৬টি টিয়া সহ আটক হয় তাঁদের সহযোগি ভ্যানচালক মিনারকে। পরে উপজেলা পরিষদ চত্বরে টিয়াগুলো অবমুক্ত করা হয়। অভিযানে পুলিশ সহযোগিতা করে। ইউএনও আরও বলেন, শিবগঞ্জে পাখি শিকারিদের উপদ্রব রয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযান চলবে।