রবিবার ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 16, 2026
August 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

Published: August 16, 2026 at 03:26 PM
জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। রবিবার সকালে মৎস্য পক্ষের তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। 


জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


জেলা মৎস্য অফিসার শাহীনূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথির বক্তব্য দেন- সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। মৎস্যচাষিদের মধ্যে বক্তব্য দেন- বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন, রাকিবুল ইসলাম বাবু। মৎস্যজীবীদের মধ্যে বক্তব্য দেন- পাঠানপাড়ার সামিরুল ইসলাম সামু ও অনুপনগরের পিন্টু আলী। 


বক্তারা নিরাপদ উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে মাছ চাষের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমিসের প্রধান উৎস হচ্ছে মাছ। সেই মাছ যদি স্বাস্থ্যসম্মতভাবে চাষ করা না হয় তাহলে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। তাই বিজ্ঞানসম্মত উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে মাছ উৎপাদন করতে হবে। 


এক বক্তা বলেন- জেলার অনেক পুকুর আছে কিন্তু ভরাট হয়ে গেছে। পুকুরগুলো খনন করা প্রয়োজন।


আকবর হোসেন মাছের ওজন নিয়েও কথা বলেন। তিনি বলেন- আমের ঢলতার মতো মাছেও প্রতিমণে ৪৩ কেজি থেকে শুরু করে ৪৫ বা তারও বেশি ওজনে বিক্রি করতে বাধ্য হচ্ছেন মাছচাষিরা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জেলা প্রশাসককে অনুরোধ করেন। 


জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন- এই জেলায় বিলভাতিয়া, বিল গাওহাসহ অনেক বড় বড় বিল রয়েছে, বহু পুকুর রয়েছে। আপনারা জানেন, বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে খাল-পুকুর খননের কর্মসূচি বাস্তবায়ন করছে। এই জেলায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও পুকুরগুলো খনন করা যাবে। আপনারা কেউ খনন করতে চায়লে আমাদের কাছে দরখাস্ত করবেন আমরা দেখব এবং আইনি কোনো জটিলতা না থাকলে আপনাদের অনুমতি দেয়া হবে। 


পরে ৫ উপজেলার ৫ জন সফল মৎস্যচাষির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 


সব শেষে সদর উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।


জেলা মৎস্য কর্মকর্তা তার বক্তব্যে জানান, মৎস্য পক্ষ নির্ধারণ করা হলেও তিন দিনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 


এর অংশ হিসেবে আজ সোমবার সকাল ১০টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের নিয়ে ‘মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভা করা হবে। আগামীকাল মঙ্গলবার সকালে সুইমিংপুলে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা এবং বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে এবারের আয়োজন। 


গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান এর উদ্বোধন করেন। 


উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত কর্মসূচিতে ছিল র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্যচাষিদের সম্মাননা স্মারক প্রদান। 


রবিবার সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনামাছ অবমুক্ত করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 


সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সহকারী মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, মৎস্যচাষি কুরবান আলি। 


আলোচনা শেষে মৎস্য চাষে উপজেলায় অনন্য অবদানের জন্য গুলসা ও টেংরা মাছে চাষে সোনার বাংলা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ আলি, কার্প-জাতীয় মাছের পোনা উৎপাদনের জন্য সোহেল আলী ও কার্প-জাতীয় মাছের উৎপাদনের জন্য আবু সাইদকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।


শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 


এতে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। আরো বক্তব্য দেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তারসহ অন্যরা। 


পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্যচাষির মধ্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। 


এর আগে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।


নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়েছে।


রবিবার উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতি, সিআইজি সমবায় সমিতির সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।


উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস।


অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইয়াকুব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। 


আলোচনা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য সফল মৎস্যচাষী প্রতিষ্ঠানের পক্ষে তরিকুল ইসলাম, সফল মৎস্যচাষী রফিকুল ইসলাম ও সফল উদ্যোক্তা ক্যাটাগরিতে সেলিম রেজাকে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়।