চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদককে লালকার্ড দেখিয়েছেন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা, শপথগ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করেন তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজসেবকরা।
প্রধান অতিথি বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের তথ্য প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানোর আহ্বান জানান তিনি।
পরে মাদকবিরোধী শপথ, লালকার্ড প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।