শিবগঞ্জ
উপজেলায় দুটি পৃথক সড়ক দূর্ঘটনায় ৪
মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। নিহতরা হলেন- শিবগঞ্জ শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে ও এসএসসি পরীক্ষার্থী
আসাদ, একই মহল্লার জাফরের ছেলে ও ৯ম শ্রেণীর
শিক্ষার্থী জাবের আলী, শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামের জমির উদ্দিনের ছেলে মোটর শ্রমিক আবু হায়াৎ ও একই গ্রামের
সাদিকুল ইসলামের ছেলে ও মোটর
শ্রমিক হাবিবুর ইসলাম। স্থানীয় ও পুলিশ সূত্র
জানায়, আজ দুপুর সোয়া
১টার দিকে শিবগঞ্জের কানসাটের দিক থেকে শিবগঞ্জ বাজারের দিকে একটি মোটরসাইকেল আসার সময় পুখুরিয়া এলাকায় সোনামসজিদ মহসড়কে বিপরীতমুখী একটি সরাবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে নিহত
হন আরোহি
আসাদ। একই মোটরসাইকেলের অপর আরোহি জাবেরকে ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দুপুর আড়াইটার দিকে মারা যান জাবের। এর আগে আজ
ভোর পৌনে ৫টার দিকে শিবগঞ্জের কানসাটের দিক থেকে সোনামসজিদ এলাকায় বাড়ির দিকে যাবার পথে নির্মাণাধীণ সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর টাকশালদীঘি এলাকায় সড়কের একপাশে নির্মাণাধীণ একটি নতুন কালভার্টের সাথে ধাক্কা লাগে একটি মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলে নিহত হন মোটর শ্রমিক
হাবিবুর। অপর মোটর শ্রমিক আবু হায়াৎকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সকাল পৌনে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ
থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, পুলিশ দুটি দূর্ঘটনার ৪টি মরদেহ উদ্ধার করেছে। শ্রমিকদের মরদেহ দুটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থী দুজনের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।