চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং একটি নম্বরপ্লেটবিহীন পিকআপ জব্দ করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা আম ব্যবসায়ীর পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রহনপুর পৌর এলাকার নুনগোলা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেতবাড়িয়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে ইমরান হোসেন (২২), কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার জুনিয়াদহ গ্রামের সেকেন্দার মণ্ডলের ছেলে সাইফুল মণ্ডল (৪০), পাবনা জেলার ঈশ্বরদী থানার মাইজদিয়া নতুনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মুন্না হাসান (১৯), একই গ্রামের আব্দুর রকিবের ছেলে শান্ত (২৭), থানাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে আসিফ হোসেন (২১) এবং বড়ইচারা গ্রামের আবু তালেবের ছেলে রতন আলী (৩৫)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, গত রোববার (৫ জুলাই) রহনপুর পৌর এলাকার নুনগোলা বাসস্ট্যান্ডসংলগ্ন আনিসুজ্জামান চিন্টুর বাড়িতে আম ব্যবসায়ীর পরিচয়ে তারা একটি বাসা ভাড়া নেন। পরে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেন। গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা ও রহনপুর তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় ৬ জনকে আটক করা হয়। তবে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
অভিযানে ঘটনাস্থল থেকে একটি ২৪ ইঞ্চি বোল্ট কাটার, একটি লোহার রড, একটি লোহার হাতুড়ি, একটি দুইধারবিশিষ্ট ধারালো অস্ত্র এবং দুটি হাসুয়া জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে রহনপুর রেলস্টেশনসংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরপ্লেটবিহীন পিকআপ উদ্ধার করে জব্দ করা হয়।
ওসি নূরে আলম আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ও পলাতক আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা এই জেলাসহ বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।