মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 07, 2026
July 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

মাদকের কারণে পরিবার-সমাজ ধ্বংস হয়: জেলা প্রশাসক

Published: July 07, 2026 at 03:30 PM
মাদকের কারণে পরিবার-সমাজ ধ্বংস হয়: জেলা প্রশাসক

মাদকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে কাজ করে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে তরুণ প্রজন্মের সামনে মাদকের কুফল তুলে ধরা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার বালুগ্রাম আদর্শ কলেজে জেলা প্রশাসন ও ডিএনসি জেলা কার্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাল কার্ড প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং শপথবাক্য পাঠের আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব এবং কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আজাদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, পুরো সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। মাদকাসক্তি তরুণদের ভবিষ্যৎ নষ্ট করে এবং তাদের স্বাভাবিক সৃজনশীলতা বাধাগ্রস্ত করে। তিনি মাদক ব্যবসায়ীদের তথ্য স্থানীয় প্রশাসন ও ডিএনসি কর্তৃপক্ষকে জানাতে সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সাংস্কৃতিক চর্চা এবং শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে পড়াশোনার কোনো বিকল্প নেই।

আলোচনা সভা শেষে সংগীতশিল্পী বাবলু হক মাদকবিরোধী গান পরিবেশন করেন। অনুষ্ঠানে কলেজের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী ৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এছাড়া মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয় এবং কলেজের দেয়ালে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত একটি সচেতনতামূলক ফেস্টুন স্থাপন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন এবং শপথবাক্য পাঠের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।