চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০-এর ১৫ ধারা ও ৫ম তফসিলে অন্তর্ভুক্ত করে পেশাগত নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ডেন্টাল পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) কোর্স সম্পন্ন করলেও ২০১০ সালের বিএমডিসি আইনে ডেন্টাল ডিপ্লোমাধারীদের অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে বিএমডিসির নিবন্ধন না থাকায় তারা আইনগতভাবে দেশে ও বিদেশে ডেন্টাল চিকিৎসা ও প্রযুক্তি সংশ্লিষ্ট পেশায় কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
সংগঠনটির দাবি, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী আইনি স্বীকৃতির অভাবে বেকার জীবন কাটাচ্ছেন। এছাড়া দেশের ৯টি সরকারি ও শতাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর প্রায় ২ হাজার নতুন ডিপ্লোমাধারী বের হলেও নিবন্ধনের সুযোগ না থাকায় তাদের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়ছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০২২ ও ২০২৩ সালে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে বিএমডিসি আইন সংশোধনের বিষয়ে একাধিকবার মতামত চাওয়া হয়। সর্বশেষ ২০২৫ সালের ১৯ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পুনরায় মতামত চাওয়া হলেও বিএমডিসি এখনো এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
ডেন্টাল পরিষদের নেতারা সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের মতো ডেন্টাল ডিপ্লোমাধারীদেরও বিএমডিসি আইন-২০১০-এর ১৫ ধারা ও ৫ম তফসিলে অন্তর্ভুক্ত করে নিবন্ধনের ব্যবস্থা করার দাবি জানান। একই সঙ্গে দ্রুত আইন সংশোধনের মাধ্যমে প্রায় ২০ হাজার ডিপ্লোমাধারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে ডেন্টাল চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।