কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ সদস্য, একজন বেসামরিক নাগরিক এবং হামলাকারী নিজেও। এছাড়া এক নারী পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২২ জুন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি ভবন থেকে গুলির শব্দ শোনার পর স্থানীয় বাসিন্দারা জরুরি সেবার নম্বরে ফোন করেন। পুলিশ জানায়, হামলাকারী একজন পুরুষ এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি একাই এ হামলা চালিয়েছেন। পরে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত বেসামরিক ব্যক্তির নাম মাইকেল মোশে মিজরাহি (Michael Moshe Mizrahi)। তিনি স্থানীয় ইহুদি সম্প্রদায়ের সদস্য ছিলেন। তবে ঘটনাটি ধর্মীয় বা জাতিগত বিদ্বেষপ্রসূত কি না, সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পুলিশ। মন্ট্রিয়ল পুলিশ (SPVM) জানিয়েছে, শহরের কোর্ট্রে (Courtrai) ও ট্রান্স আইল্যান্ড (Trans Island) অ্যাভিনিউয়ের মোড়ে এ গুলির ঘটনা ঘটে। আহত নারী পুলিশ কর্মকর্তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ আরও জানায়, হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বর্তমানে জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই। ঘটনার তদন্তের দায়িত্ব কুইবেকের স্বাধীন পুলিশ তদারকি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তে হামলাকারীর হোটেল কক্ষ থেকে ১০০ পৃষ্ঠারও বেশি একটি ম্যানিফেস্টো উদ্ধার করা হয়েছে। এতে তথাকথিত ‘ইনসেল’ (Incel) মতাদর্শ, নারীর স্বাধীনতার বিরোধিতা এবং পর্নোগ্রাফি শিল্পবিরোধী বিভিন্ন বক্তব্য উঠে এসেছে।
ম্যানিফেস্টোতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও গোষ্ঠীকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বড় পর্নোগ্রাফি শিল্প সম্মেলন, আন্তর্জাতিক পর্নোগ্রাফি কোম্পানির সদর দপ্তর এবং এ খাতের প্রভাবশালী ব্যক্তিদের নামও রয়েছে। উল্লেখ্য, সোমবারের হামলার ঘটনাস্থল বিশ্বের অন্যতম বৃহৎ পর্নোগ্রাফি ওয়েবসাইট Pornhub-এর মূল প্রতিষ্ঠান Aylo-এর কার্যালয়ের কাছাকাছি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে; তবে চলমান তদন্তের স্বার্থে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।