চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) এক সভা অনুষ্ঠিত হয়েছে| সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়| শহর উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়|
সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ| সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. খায়রুল ইসলাম এবং পৌরসভার হিসাবরক্ষক মো. আহসান হাবীবসহ কমিটির সদস্যরা|
সভায় পৌরসভার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা, নাগরিক সুবিধা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং আসন্ন উন্নয়ন প্রকল্পসমূহের সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| এ সময় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা শহরের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং টেকসই নগর ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন|
সভাপতির বক্তব্যে প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন, “চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে টিএলসিসি কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ| সকলের সম্মিলিত প্রচেষ্টায় পৌরসভার সেবার মান আরো বৃদ্ধি করা সম্ভব হবে|” তিনি আরো বলেন, পৌরসভার একার দায়িত্ব নয়, জনগণের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব|