শনিবার ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 23, 2026
May 23, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

গরমে বানান তরমুজের বরফি

Published: May 23, 2026 at 03:12 PM
গরমে বানান তরমুজের বরফি

তীব্র দাবদাহে শরীর ঠান্ডা রাখতে এবং পানির ঘাটতি মেটাতে তরমুজের বিকল্প নেই। একভাবে কাটা তরমুজ বা তরমুজের শরবত না খেয়ে তৈরি করতে পারেন দারুণ এক মিষ্টি। খুবই কম পরিশ্রমে তৈরি করা তরমুজের বরফি ছোট বড় সবার পছন্দ হবে। 


উপকরণ : ৩ কাপ বীজ ছাড়া ছোট টুকরো করে কেটে রাখা তরমুজ, ১ লিটার দুধ, স্বাদমতো আধ কাপ চিনি, ২ চামচ ঘি, ২ চামচ কর্ন ফ্লাওয়ার, সামান্য এলাচ গুঁড়ো এবং সাজানোর জন্য আমন্ড ও পেস্তা কুচি। 


প্রস্তুত প্রণালি : প্রথমে তরমুজের টুকরোগুলো ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে একটি মসৃণ পিউরি বা রস তৈরি করে নিতে হবে। এবার একটি ছাঁকনির সাহায্যে এই রস ভালো করে ছেঁকে নেওয়া প্রয়োজন, যাতে কোনও অতিরিক্ত আঁশ বা দানা না থাকে। অন্য একটি পাত্রে কর্ন ফ্লাওয়ারের সঙ্গে সামান্য পানি মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে আলাদা সরিয়ে রাখুন। এবার একটি ভারী পাত্রে বা কড়াইতে দুধ ঢেলে মাঝারি আঁচে ফুটিয়ে ভালো করে ঘন করতে শুরু করুন। দুধ ফোটানোর সময় অনবরত নাড়ুন, যাতে তা কড়াইয়ের তলায় লেগে কিংবা পুড়ে না যায়। দুধটা ফুটে যখন প্রায় অর্ধেক হয়ে আসবে, তখন সেই ঘন দুধের মধ্যে আগে থেকে ছেঁকে রাখা তরমুজের রস যোগ করুন। তরমুজের রস দেওয়ার পর মিশ্রণটি হালকা আঁচে অনবরত নাড়তে থাকুন, যাতে মিশ্রণটি একদম মসৃণ থাকে। কিছুক্ষণ পর যখন মিশ্রণটি একটু ঘন হতে শুরু করবে, তখন তাতে চিনি এবং এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। চিনি গলে গিয়ে মিশ্রণটি ফুটে উঠলে, আগে থেকে তৈরি করে রাখা কর্ন ফ্লাওয়ারের গোলানো পানিটা কড়াইতে ঢেলে দিন। মিশ্রণটি ঘন হয়ে গেলে কড়াইতে ২ চামচ ঘি দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট ভালো করে নাড়াচাড়া করুন। বরফির মণ্ড তৈরি হলে চুলা থেকে নামিয়ে নিন। এবার একটি সমান প্লেট বা ট্রের উপরিভাগে সামান্য ঘি ভালো করে মাখিয়ে নিন। কড়াই থেকে গরম মিশ্রণটি নামিয়ে ওই ট্রের ওপর সমানভাবে চারকোণা আকারে ছড়িয়ে দিন। উপর থেকে কুচানো পেস্তা এবং আমন্ড বাদাম ছড়িয়ে হাত দিয়ে হালকা চেপে দিন, যাতে সেগুলো বরফির গায়ে বসে যায়। মিশ্রণটি কিছুটা ঠান্ডা হওয়ার পর ট্রেটি ১ থেকে ২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজে বরফিটি পুরোপুরি সেট হয়ে শক্ত হয়ে গেলে, ছুরি দিয়ে আপনার পছন্দের চৌকো বা বরফি আকারে কেটে নিন।