বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 19, 2026
November 19, 2026
খেলাধুলা
খেলাধুলা

দল ভালো অবস্থানে, কপাল পুড়লো সাকিবের

Published: November 19, 2026 at 11:19 AM
দল ভালো অবস্থানে, কপাল পুড়লো সাকিবের

অভিষেক ইনিংসেই ৭ উইকেট। শুরুটা স্বপ্নের মতো হয়েছিল পাকিস্তানের পেসার সাকিব খানের। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই কপাল পুড়লো তার। হ্যামস্ট্রিং চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে চলমান দ্বিতীয় টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন সাকিব। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ৩১ বছর বয়সী এই পেসার। টেস্টের দ্বিতীয় দিন নিজের দ্বিতীয় ওভারের মাত্র দুই বল করার পর মাঠ ছাড়েন সাকিব। রাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল, চোটের ধরন এবং এই টেস্টে আর বোলিং করতে পারবেন কি না, তা মূল্যায়নের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তবে তৃতীয় দিন মাঠে দেখা যায়নি সাকিবকে। পরে পিসিবি আনুষ্ঠানিকভাবে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের কথা জানায়। চার পেসার নিয়ে একাদশ সাজানো পাকিস্তানের জন্য সাকিবের চোট বড় ধাক্কা হয়ে এসেছে। তার অনুপস্থিতিতে বাকি তিন পেসারকে শ্রীলঙ্কার দৃঢ় প্রতিরোধের বিপক্ষে বাড়তি চাপ সামলাতে হয়েছে। তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত মোহাম্মদ আব্বাস ২৬ ওভার, রাজাউল্লাহ ২১.৪ ও আমের জামাল ১৯ ওভার বোলিং করেছেন। পার্টটাইম স্পিনার সালমান আগাকেও খুব বেশি ব্যবহার করেননি পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে প্রথম ৭৪ ওভারের মধ্যে মাত্র ৫ ওভার বোলিং করেছেন তিনি। তবে সোনাল দিনুশা ও কুশল মেন্ডিসের ষষ্ঠ উইকেট জুটিতে ৮১ রান যোগ করার পর ভাঙন ধরান সালমান। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান আছে ভালো অবস্থানে। শ্রীলঙ্কার হাতে মাত্র ২ উইকেট। লিড হয়েছে এখন পর্যন্ত মোটে ৬৮ রানের। চলতি সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টে আরও ২ উইকেট পেয়েছেন এই পেসার। সাকিবের চোট পাকিস্তানের পেসারদের দীর্ঘ সময় ফিট রাখার পুরোনো চ্যালেঞ্জও সামনে এনেছে। তবে চলতি টেস্ট মৌসুমে পাকিস্তানের ব্যস্ততা তুলনামূলক কম। আগামী দুই মাস কোনো ম্যাচ নেই তাদের। আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। এরপর চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের বাকি সময়ে আর কোনো টেস্ট সূচি নেই তাদের।