রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় পড়া শুরু করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতে এ রায় ঘোষণা শুরু হয়। রায় পাঠের শুরুতেই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার তথ্য তুলে ধরেছেন আদালত। আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি আদালতের পর্যবেক্ষণগুলো পড়ে শোনানো শুরু করেন। তিনি জানান, ‘প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড,’ যৌন সহিংসতা এবং অন্যান্য নৃশংসতায় লিপ্ত ছিল। তিনি আরও বলেন, প্রমাণ থেকে দেখা যায় যে, রোহিঙ্গা গ্রামগুলোকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত জানিয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে ও বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে। তবে রায় পাঠের প্রক্রিয়া এখনো চলমান। গণহত্যার অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত আইনি সিদ্ধান্ত ও মামলার অন্যান্য নির্দেশনা রায়ে কীভাবে উঠে আসে, তা জানার জন্য পুরো রায় ঘোষণা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কী এই মামলা, কেন এত গুরুত্বপূর্ণ?
রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযান ও ব্যাপক নির্যাতনের ঘটনায় দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে এ মামলা করে। গাম্বিয়ার অভিযোগ, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো ঘটনা ঘটানো হয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে গাম্বিয়া। ২০১৭ সালের ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের অনেকেই হত্যাকাণ্ড, গণধর্ষণ, নির্যাতন এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। জাতিসংঘের তদন্ত দলও ওই অভিযানে গণহত্যার উপাদান থাকার কথা উল্লেখ করেছিল। মিয়ানমার অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল- এমন অভিযোগও তারা প্রত্যাখ্যান করেছে।
মামলার পটভূমি
রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক আইনি লড়াই শুরু হয় ২০১৯ সালে গাম্বিয়ার মামলার মধ্য দিয়ে। ওই বছরের ১১ নভেম্বর দেশটি আইসিজেতে আবেদন করে। মামলায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়। ২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। আদালত রোহিঙ্গাদের গণহত্যা সনদের আওতায় সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং গণহত্যার সম্ভাব্য প্রমাণ সংরক্ষণ করতে বলে। পরবর্তী সময়ে মিয়ানমার আদালতের এখতিয়ার ও গাম্বিয়ার মামলা করার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি জানায়। তবে ২০২২ সালের ২২ জুলাই আইসিজে সেই আপত্তি খারিজ করে মামলাটি শুনতে আদালতের এখতিয়ার রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য বলে সিদ্ধান্ত দেয়। এরপর মামলার মূল শুনানি শুরু হয়। ২০২৬ সালের জানুয়ারিতে গাম্বিয়া ও মিয়ানমার উভয় পক্ষ আদালতে তাদের যুক্তি উপস্থাপন করে। গাম্বিয়া গণহত্যার অভিযোগের পক্ষে প্রমাণ তুলে ধরে, অন্যদিকে মিয়ানমার দাবি করে, গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়নি।
গণহত্যা প্রমাণে কী দেখতে হয়?
আন্তর্জাতিক আইনে গণহত্যা প্রমাণ করা অত্যন্ত কঠিন। শুধু হত্যা, নির্যাতন কিংবা ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেই তা গণহত্যা হিসেবে বিবেচিত হয় না। কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, সেটিও প্রমাণ করতে হয়। আইসিজের বিচারকেরা মামলার নথি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিভিন্ন তদন্ত প্রতিবেদন, সামরিক অভিযানের ধরন এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে তা আন্তর্জাতিক আইনে রাষ্ট্রের দায়বদ্ধতা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠবে। এ মামলায় ১৫ বিচারকের আদালত মিয়ানমারের রাষ্ট্রীয় দায়বদ্ধতা নির্ধারণ করছে। অর্থাৎ, দেশটির সামরিক বাহিনী বা রাষ্ট্রীয় সংস্থাগুলোর কর্মকাণ্ডের জন্য মিয়ানমার রাষ্ট্র আন্তর্জাতিক আইনের অধীনে দায়ী কি না, সেটিই মূল বিবেচ্য।
বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ এই রায়?
রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় চাপ বহন করছে বাংলাদেশ। ২০১৭ সালের সামরিক অভিযানের পর পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশাপাশি পরবর্তী বছরগুলোতেও বিভিন্ন সময়ে নতুন করে অনেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে কক্সবাজারের বিস্তীর্ণ শরণার্থী শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। তাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর হয়নি। গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পাশাপাশি ক্ষতিপূরণ প্রদান, দায়ীদের বিচারের আওতায় আনা এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করার মতো ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে। আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিকে আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী করতে পারে। একই সঙ্গে মিয়ানমারের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আদালতের রায় ঘোষণার পরপরই রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে বা তাদের নিরাপত্তা নিশ্চিত হবে- এমন নিশ্চয়তা নেই।
রায় কার্যকর করবে কে?
আইসিজের রায় আন্তর্জাতিক আইনের অধীনে চূড়ান্ত ও বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বাহিনী বা সরাসরি শাস্তি কার্যকর করার ব্যবস্থা নেই। মিয়ানমার আদালতের নির্দেশনা পালন না করলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন করতে পারে। তবে নিরাপত্তা পরিষদের রাজনৈতিক বাস্তবতা ও সদস্য দেশগুলোর অবস্থানের কারণে রায় বাস্তবায়ন কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আইসিজে রাষ্ট্রের দায়বদ্ধতা নির্ধারণ করে; ব্যক্তিগত অপরাধীদের কারাদণ্ড দেওয়ার ক্ষমতা এই আদালতের নেই। ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচার করার দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কিংবা সংশ্লিষ্ট বিচারিক ব্যবস্থার। রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার অভিযোগের এই মামলার রায় শুধু মিয়ানমারের জন্য নয়, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্বজুড়ে গণহত্যার অভিযোগে রাষ্ট্রের দায়বদ্ধতা নির্ধারণ, ভুক্তভোগীদের ন্যায়বিচার এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে।
সূত্র: নিউইয়র্ক টাইমস, আল-জাজিরা