মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 17, 2026
খেলাধুলা
খেলাধুলা

আইপিএলকে বিদায় জানালেন ধোনি

Published: November 17, 2026 at 10:09 AM
আইপিএলকে বিদায় জানালেন ধোনি

দীর্ঘ ১৮ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না। ২০২৭ আইপিএল আসরের আগে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। আগামী আসরের জন্য ক্রিকেটার ধরে রাখার (রিটেনশন) শেষ দিনে ধোনির নতুন দায়িত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস। এর মধ্য দিয়ে আইপিএলের অন্যতম সফল ও বর্ণাঢ্য খেলোয়াড়ি অধ্যায়ের সমাপ্তি ঘটল।


চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে জানিয়েছেন, হলুদ জার্সিতে মাঠে না খেললেও দলের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবেন ধোনি। তিনি বলেন, 'ধোনি সবসময়ই আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এটিই সবসময় ওর ঘর।' ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে দলটি। এ ছাড়া জিতেছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি।


ধোনির সঙ্গে দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে শ্রীনিবাসন বলেন, 'মহেন্দ্র সিং ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংসের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা সাফল্য, ব্যর্থতা ও সব ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে একসঙ্গে হেঁটেছি ও বেড়ে উঠেছি।'


আইপিএলে নিজের দীর্ঘ ক্যারিয়ারে ২৭৮টি ম্যাচ খেলেছেন ধোনি। ২৪২ ইনিংসে ব্যাট করে ৩৮.৩০ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে করেছেন ৫ হাজার ৪৩৯ রান। তাঁর ঝুলিতে রয়েছে ২৪টি অর্ধশতক। কোনো সেঞ্চুরি না থাকলেও মেরেছেন ৩৭৫টি চার ও ২৬৪টি ছক্কা।