মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 17, 2026
খেলাধুলা
খেলাধুলা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল বাংলাদেশ

Published: November 17, 2026 at 09:37 AM
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল বাংলাদেশ

এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দল। আগে ব্যাট করে বিনা উইকেটে ২০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাংলাদেশের দুই ওপেনার হোসেন ও সালমান। তাদের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ২০ ওভারে ২০৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।


দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করে অপরাজিত থাকেন হোসেন। ৬৫ বলের ইনিংসে সাতটি চার ও একটি ছক্কা মারেন তিনি। অন্য প্রান্তে সমান ৬৫ বল খেলে ৮১ রান করে অপরাজিত থাকেন সালমান। তার ইনিংসে ছিল চারটি চার। দুই ওপেনারের ব্যাট থেকে আসে ১৭৭ রান। অতিরিক্ত থেকে যোগ হয় আরও ৩১ রান। বাংলাদেশের কোনো ব্যাটারকে আউট করতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। পিউমাল ৪ ওভারে ৪২, বিজয়ান্থা ৩ ওভারে ৩১, ভিনসলি ৪ ওভারে ৩০ এবং বিক্রমাসিংহে ১ ওভারে ১২ রান দেন।


২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান তুলতে পারে তারা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডি পেরেরা। ৪৪ বলের ইনিংসে একটি চার মারেন তিনি। এ ছাড়া চিরান্থা ২৪ বলে ১৪, পিউমাল ১৫ বলে ১৩ এবং অমরাসিংহে ১২ বলে ১০ রান করেন। সুদেশ ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে আরও ২১ রান।


বাংলাদেশের হয়ে সজিব ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। চাংইয়া ২ ওভারে ৯ রান খরচায় এবং রহমান ৪ ওভারে ২১ রান দিয়ে একটি করে উইকেট শিকার করেন। বাকি বোলাররাও রান আটকে রেখে শ্রীলঙ্কার ব্যাটারদের বড় জুটি গড়তে দেননি। শেষ পর্যন্ত ৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।