চোয়ালের চোট কাটিয়ে মাঠে ফিরছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সুরক্ষামূলক মাস্ক পরে মাঠে নামবেন এই গোলরক্ষক। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় কর্দোবায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কোস্টারিকা। চলতি বছরে জাতীয় দলের হয়ে এটিই আর্জেন্টিনার শেষ ম্যাচ। সোমবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো খেলবে। উরুগুয়ের বিপক্ষেও আগের ম্যাচে সে সম্ভবত খেলার মতো অবস্থায় ছিল। কিন্তু সেটা ঝুঁকি নেওয়া হতো। বাড়তি তিন দিন নেওয়াটা ছিল বিচক্ষণ সিদ্ধান্ত।’
গত ১৬ অক্টোবর এভারটনের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার জেরার্ড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়ালে চোট পান মার্টিনেজ। পরে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। চোট পাওয়ার মাত্র দুই সপ্তাহ পর সুরক্ষামূলক মাস্ক পরে অনুশীলনে ফেরেন তিনি। তবে ক্লাবের হয়ে মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ হয় তাঁর। আন্তর্জাতিক বিরতির আগে তাঁকে খেলানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছিলেন কোচ। এবার জাতীয় দলের হয়ে মাঠে ফেরার অপেক্ষা শেষ হচ্ছে মার্টিনেজের। এদিকে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। গোলরক্ষক জেরোনিমো রুলির পরিবর্তে মার্টিনেজকে খেলানোর পাশাপাশি আরও পরিবর্তন আসতে পারে দলে।
স্কালোনি বলেন, ‘আমরা চার থেকে পাঁচটি পরিবর্তন আনতে যাচ্ছি। সবকিছু নির্ভর করছে শেষ অনুশীলনে কী হয় তার ওপর। তবে প্রাথমিকভাবে চার থেকে পাঁচটি পরিবর্তন আনা হবে।’