যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা অব্যাহত উত্তেজনার মধ্যেই সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে প্রথম পারমাণবিক ফিউশন চুল্লি (নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর) তৈরি করছে বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি। স্থানীয় সময় রবিবার (১৫ নভেম্বর) তিনি এ কথা জানান। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসলামি বলেন, আমরা আশা করছি, সম্পূর্ণ দেশীয় দক্ষতা ও প্রযুক্তিতে নির্মিত ইরানের প্রথম ‘টোকামাক’ নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু করা সম্ভব হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসলামি জানান, তেহরানের বিজ্ঞানীরা এই ব্যবস্থাটি তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। তিনি এই প্রকল্পটিকে প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
পরিকল্পিত এই চুল্লিতে ‘টোকামাক’ প্রযুক্তি ব্যবহার করা হবে। এটি একটি চৌম্বক-আবদ্ধকরণ (ম্যাগনেটিক কনফাইনমেন্ট) ব্যবস্থা, যা অত্যন্ত উত্তপ্ত প্লাজমাকে ধরে রাখতে এবং পারমাণবিক ফিউশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ব্যবহৃত হয়। ঠিক যে প্রক্রিয়ায় সূর্য ও অন্যান্য নক্ষত্র শক্তি উৎপন্ন করে।
সাধারণ পারমাণবিক ফিশন চুল্লিগুলো ভারী পারমাণবিক নিউক্লিয়াসকে ভেঙে শক্তি উৎপন্ন করে, কিন্তু ফিউশন চুল্লিগুলো হালকা নিউক্লিয়াসগুলোকে একত্রিত করে শক্তি নিঃসরণের চেষ্টা করে। এই প্রযুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ স্বল্প-কার্বন শক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বাণিজ্যিক পর্যায়ে ফিউশন শক্তি উৎপাদন করা প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল এবং এটি এখনও বিদ্যুৎ উৎপাদনের একটি বহুল প্রচলিত মাধ্যম হয়ে ওঠেনি।
এসলামি এই চুল্লির পরিকল্পিত সক্ষমতা, অবস্থান, নির্মাণ ব্যয় বা এটি চালু করার সম্ভাব্য তারিখ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি। পারমাণবিক ফিউশন বিষয়টি ইরানের বিদ্যমান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির চেয়ে সম্পূর্ণ আলাদা। একটি ‘টোকামাক’ তৈরি করার অর্থ এই নয় এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে কোনো অগ্রগতি হচ্ছে। এটি বৈজ্ঞানিক ও জ্বালানি গবেষণার একটি স্বতন্ত্র ক্ষেত্র।
ইরানের ‘অ্যাডভান্সড টেকনোলজিস কোম্পানি’-র প্রধান আলী নওরোজী জানিয়েছেন, নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় নির্দিষ্ট ও জটিল ভৌত পরিস্থিতিতে দুটি হালকা আইসোটোপকে একত্রিত করে একটি ফিউশন বিক্রিয়া ঘটানো হয়। নওরোজীর ভাষ্যমতে, এই প্রক্রিয়ায় উৎপন্ন বিকিরণ ব্যবহার করে রেডিওফার্মাসিউটিক্যালস (তেজস্ক্রিয় ওষুধ) এবং উন্নত চিকিৎসাগত রোগ নির্ণয় ব্যবস্থা তৈরি করা সম্ভব। এছাড়া তিনি দীর্ঘমেয়াদী একটি লক্ষ্যের কথাও উল্লেখ করেন, যেখানে কোনো শক্তির অপচয় ছাড়াই উচ্চ বৈদ্যুতিক প্রবাহ উৎপাদন করা সম্ভব হবে।
‘মিডল ইস্ট নিউজ’ জানিয়েছে, ইরান শিগগিরই স্থাপনাটি চালু করবে। তবে ঠিক কী ধরনের ফিউশন স্থাপনা চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তা নিশ্চিত করা হয়নি। ‘মিডল ইস্ট নিউজ’ আরও জানিয়েছে, তেহরানের নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়ে পারমাণবিক ফিউশন প্রযুক্তি উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবেই এই ঘোষণা এসেছে, যার লক্ষ্য হলো শিল্প, চিকিৎসা ও জ্বালানি খাতে এই প্রযুক্তির ব্যবহার আরও প্রসারিত করা।