ফ্রান্সের শত শত সুপারমার্কেটের শীতাতপ নিয়ন্ত্রণ ও পণ্য সংরক্ষণের ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় ইরানের একটি গোষ্ঠীকে দায়ী করেছে দেশটির সরকার। ফরাসি গোয়েন্দা সংস্থার দাবি, ‘শহীদ কাভেহ’ নামের এই সাইবার ইউনিট ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট। তবে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ ও ১২ অক্টোবর ফ্রান্সের প্রায় ৭০০ বাণিজ্যিক স্থাপনায় সাইবার হামলা চালানো হয়। এতে সুপারমার্কেটের ফ্রিজের তাপমাত্রা দূর থেকে বাড়িয়ে দেওয়া হয়। ফলে নষ্ট হয় কয়েক মিলিয়ন ইউরো মূল্যের খাদ্যপণ্য। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ হামলাকে নজিরবিহীন মাত্রার আগ্রাসন বলে অভিহিত করেছেন।
প্যারিসের প্রসিকিউটর কার্যালয় শহীদ কাভেহকে আইআরজিসির সাইবার ইলেকট্রনিক কমান্ডের সঙ্গে যুক্ত একটি আক্রমণাত্মক সাইবার ইউনিট হিসেবে উল্লেখ করেছে। ফরাসি গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা সংস্থার প্রতিবেদনে হামলার সঙ্গে জড়িত হিসেবে হামিদ রেজা লাশগারিয়ান, মাহদি লাশগারিয়ান ও রেজা সালারভান্দের নামও এসেছে। তাঁদের মধ্যে প্রথমজনকে কমান্ডের প্রধান এবং অন্য দুজনকে শহীদ কাভেহ ইউনিটের কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে।
কী এই শহীদ কাভেহ?
ইরান সরকার কখনো প্রকাশ্যে এই গোষ্ঠীর অস্তিত্ব বা কার্যক্রম স্বীকার করেনি। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, এটি তেহরানের নির্দেশনায় পরিচালিত হ্যাকার নেটওয়ার্কের অংশ। ইরান-ইরাক যুদ্ধে ১৯৮৬ সালে নিহত আইআরজিসি কমান্ডার মাহমুদ কাভেহের নামে গোষ্ঠীটির নামকরণ করা হয়ে থাকতে পারে। ফরাসি গোয়েন্দাদের দাবি, শহীদ কাভেহ বিভিন্ন ছদ্মনাম ও ভুয়া পরিচয়ে কাজ করে। ‘সাইবার অ্যাভেঞ্জার্স’ ও ‘সাইবার ইসনাদ ফ্রন্ট’ নামে হ্যাকার গোষ্ঠীগুলো হামলার দায় স্বীকারের মাধ্যমে তাদের কার্যক্রম আড়াল করতে সহায়তা করে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে অভিযোগগুলোকে ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করতেই এসব অভিযোগ তোলা হচ্ছে।
ইরানের সাইবার সক্ষমতা
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে সামরিক ও কৌশলগত লক্ষ্য অর্জনে সাইবার সক্ষমতা বাড়াচ্ছে ইরান। ২০২৫ সালে যুক্তরাজ্যের পার্লামেন্টের গোয়েন্দা ও নিরাপত্তা কমিটির এক প্রতিবেদনে দেশটিকে বিস্তৃত সক্ষমতাসম্পন্ন আগ্রাসী সাইবার শক্তি হিসেবে উল্লেখ করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের হামলার অভিযোগ উঠেছে। চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের চিকিৎসা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান স্ট্রাইকারেও সাইবার হামলার দাবি করে ইরান-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী। ফরাসি গোয়েন্দা প্রতিবেদনের দাবি, শহীদ কাভেহ ও এর সহযোগী গোষ্ঠীগুলোর হামলার প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হলেও ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশও তাদের নিশানায় রয়েছে।