বুধবার ১১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 11, 2026
November 11, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

বিশ্বে বাড়ছে সংঘাতের ঝুঁকি, কূটনীতিতে জোর পাকিস্তানের

Published: November 11, 2026 at 09:55 AM
বিশ্বে বাড়ছে সংঘাতের ঝুঁকি, কূটনীতিতে জোর পাকিস্তানের

বিশ্বব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের মধ্যে আন্তর্জাতিক সংঘাত ও ভুল হিসাব-নিকাশের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর পাশাপাশি কার্যকর কূটনীতি, সংলাপ ও বহুপক্ষীয় সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়ে পাকিস্তানের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।


মঙ্গলবার ইসলামাবাদে আয়োজিত ‘মারগালা ডায়ালগ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন ইসহাক দার। ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইপিআরআই) আয়োজিত এবারের সংলাপের প্রতিপাদ্য ছিল ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা: কৌশলগত অনিশ্চয়তা মোকাবিলা’। দার বলেন, বিশ্বব্যবস্থার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। এই পরিবর্তনের সময়ে বিভিন্ন দেশ যে সিদ্ধান্ত নেবে, তা বিশ্বকে আরও সহযোগিতামূলক অথবা আরও সংঘাতপূর্ণ করে তুলতে পারে।


তিনি বলেন, আন্তর্জাতিক নিরাপত্তাব্যবস্থা ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, দীর্ঘস্থায়ী সংঘাত এবং অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোর দুর্বল হয়ে পড়া পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এতে সংঘাত ও ভুল সিদ্ধান্তের আশঙ্কা বাড়ছে। পাকিস্তানের নিরাপত্তা ও জনগণের সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার উপায় তুলে ধরে ইসহাক দার বলেন, এর জন্য দেশের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং বিদেশে কার্যকর কূটনীতি- দুটিই জরুরি।


সৌদি আরব ও তুরস্কের সঙ্গে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। বরং সম্মিলিত নিরাপত্তা জোরদার এবং বিশ্বাসযোগ্য প্রতিরোধক্ষমতা গড়ে তোলাই এ চুক্তির উদ্দেশ্য। পাকিস্তানের বৈদেশিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক দেশটির পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রাখা এবং সৌদি আরব, তুরস্ক, ইরান, উপসাগরীয় দেশগুলো, ইউরোপ ও মধ্য এশিয়ার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের চেষ্টা করছে ইসলামাবাদ।


কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে দার বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী জম্মু ও কাশ্মীর বিরোধের ন্যায়সংগত সমাধান ছাড়া এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ভারতের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, সিন্ধু পানি চুক্তির আওতায় পাকিস্তানের অধিকার রক্ষায় দেশটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


আফগানিস্তানের ভূখণ্ড থেকে সৃষ্ট সন্ত্রাসবাদকে পাকিস্তানের জন্য গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। পাকিস্তানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সমন্বিত আফগানিস্তান গড়ে তোলার পক্ষে দেশটির অবস্থান থাকবে বলেও জানান।


মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ইসহাক দার বলেন, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে আলোচনার আয়োজন ও মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা সংঘাত নিরসনে সংলাপের প্রতি দেশটির অঙ্গীকারের প্রতিফলন।


ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের আশঙ্কা মিয়ারশাইমারের


সংলাপের আরেক অধিবেশনে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জন জে মিয়ারশাইমার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষয়ক্ষতি এবং ট্রাম্প প্রশাসনের নীতিগত ব্যর্থতা নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রধান উপদেষ্টাদের মতামত উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের পরামর্শ শুনেছেন। তাঁদের প্রভাবেই ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।


মিয়ারশাইমার বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত ছিল অযৌক্তিক। তাঁর মতে, যুক্তরাষ্ট্র এ যুদ্ধে পরাজিত হবে এবং ইরানকে পরাজিত করার কোনো পথ ওয়াশিংটনের সামনে নেই। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত করার লক্ষ্যেই সেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর সহিংসতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


মিয়ারশাইমারের দাবি, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে এ ধরনের অপরাধ সংঘটন সম্ভব হতো না। ইসরায়েলকে কূটনৈতিক সমর্থন দেওয়া এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ছয়টি প্রস্তাবে ভেটো দেওয়ার মাধ্যমে ওয়াশিংটনও এসব কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি। বিশ্বের ক্ষমতার ভারসাম্য নিয়েও কথা বলেন এই অধ্যাপক। তাঁর মতে, এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা থেকে পৃথিবী এখন বহুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া- এই তিন দেশ বৃহৎ শক্তি হিসেবে বিশ্বরাজনীতিতে প্রভাব বিস্তার করছে।


ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়ে মিয়ারশাইমার বলেন, দুই দেশের সম্পর্কের মৌলিক অবস্থানে শিগগির পরিবর্তনের সম্ভাবনা নেই। নানা অভ্যন্তরীণ সমস্যার কারণে ভারত নিকট ভবিষ্যতে বৃহৎ শক্তি হয়ে উঠতে পারবে না বলে মনে করেন তিনি। তবে জাপানের মতো শক্তিশালী মধ্যম পর্যায়ের শক্তি হিসেবে দেশটির উত্থান সম্ভব। অন্যদিকে জার্মানি ও জাপানের মতো মধ্যম শক্তি হয়ে উঠতে পাকিস্তানকে সম্পদ সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে। তার মতে, বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় পাকিস্তান সুবিধাজনক অবস্থানে রয়েছে। কারণ, দেশটির যুক্তরাষ্ট্র ও চীন- উভয়ের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং কোনো এক পক্ষকে বেছে নেওয়ার চাপ এখনো তৈরি হয়নি। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের মনোযোগ পূর্ব এশিয়া থেকে আরও সরে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


ভারত-ইসরায়েল-আমিরাতের সম্ভাব্য জোট নিয়ে উদ্বেগ


মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক ভ্যালি নাসর ইরানের প্রতিরোধক্ষমতা ও কৌশলের প্রশংসা করে বলেন, এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিগত লক্ষ্য ব্যাহত হয়েছে। তবে ইসরায়েলের সম্প্রসারণবাদী লক্ষ্য রয়েছে এবং ইরানের সঙ্গে দেশটির যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন তিনি। ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সামরিক জোট গড়ে উঠলে তা পাকিস্তানের জন্য হুমকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেন নাসর। তাঁর মতে, ইরান ও ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা পূর্ব এশিয়ায় চীনের বিরুদ্ধে দেশটির সামরিক উপস্থিতি দুর্বল করেছে। এ পরিস্থিতিতে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মিত্র দেশও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর দীর্ঘদিনের নির্ভরতা নতুন করে বিবেচনা করতে পারে।


ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার দাবি জোরালো হওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে। সাবেক মার্কিন কূটনীতিক রবিন রাফায়েল সতর্ক করেন, ইরান এনপিটি ত্যাগ করলে অন্য দেশগুলোর মধ্যেও একই ধরনের প্রবণতা তৈরি হতে পারে। পাকিস্তানের সাবেক সিনেটর মুশাহিদ হুসেইন সৈয়দ বলেন, একসময় ওয়াশিংটন থেকেই অন্য দেশগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতো। কিন্তু এখন ইরানকে ঘিরে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।