পাকিস্তানের অর্থনৈতিক স্থায়িত্ব নিয়ে সরকারি দাবিদাওয়ার বিপরীতে একঝাঁক সদ্য প্রকাশিত প্রতিবেদন দেশে দারিদ্র্যের ক্রমঘনীভবন ও মানব উন্নয়ন সংকটের এক উদ্বেগজনক ছবি তুলে ধরেছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও মৌলিক অধিকার মারাত্মক হুমকির মুখে পড়েছে।
ওয়ার্ল্ড ব্যাংকের 'পাকিস্তান প্রভার্টি অ্যান্ড ইকুইটি' শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ সালে যেখানে দেশে দারিদ্র্যের হার ছিল ২২ শতাংশ, ২০২৪-২৫ সালে তা আশঙ্কাজনকভাবে বেড়ে দাঁড়িয়েছে ২৯ শতাংশে। অর্থাৎ, বর্তমানে দেশের প্রায় ৭ কোটি মানুষ জাতীয় দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। অর্থনৈতিক বৈষম্যের মাপকাঠি 'গিনি ইনডেক্স' ২৮.৪ শতাংশ থেকে বেড়ে ৩২.৭ শতাংশে পৌঁছেছে, যা বিগত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংকের আঞ্চলিক অর্থনৈতিক মূল্যায়নে দেখা গেছে, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলের চরম দরিদ্র জনসংখ্যার প্রায় অর্ধেকই পাকিস্তানের বাসিন্দা। সংস্থাটির মতে, কোভিড-১৯ মহামারী, ২০২২ সালের বিধ্বংসী বন্যা, তীব্র মুদ্রাস্ফীতি এবং রুপির দরপতনের মতো অর্থনৈতিক ধাক্কাই দারিদ্র্য বিমোচনের ধারা উল্টে যাওয়ার প্রধান কারণ।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২০২৫ সালের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল প্রভার্টি ইনডেক্স অনুযায়ী, পাকিস্তানের ৩৮.৩ শতাংশ মানুষ, অর্থাৎ প্রায় ৯ কোটি ৫০ লাখ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। তারা কেবল অর্থসংকটেই ভুগছেন না, বরং স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকেও মারাত্মকভাবে বঞ্চিত। এছাড়া আরও ৩ কোটি ২০ লাখ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যেখানে পাকিস্তানে বহুমাত্রিক দরিদ্র মানুষের হার ৩৮.৩ শতাংশ, সেখানে প্রতিবেশী ভারতে এই হার ১৬.৪ শতাংশ এবং বাংলাদেশে ১৪.৯ শতাংশ, যা আঞ্চলিক পরিস্থিতির বিবেচনায় অত্যন্ত করুণ।
অনাহার ও পুষ্টিহীনতার এই ভয়াবহ চিত্র ফুটে উঠেছে ২০২৬ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্সেও। ১২২টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১০৬তম, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন এবং সবচেয়ে খারাপ ক্ষুধা সূচক নির্দেশ করে। খাদ্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধির ফলে সাধারণ পরিবারের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়া এবং পুষ্টিকর খাবারের অভাবকে এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, ২০১৮ সাল থেকে দেশে অপপুষ্টির হার 'নিম্ন' থেকে 'মাঝারি' পর্যায়ে উন্নীত হয়েছে এবং শিশুদের কৃশতা বা ওয়েস্টিংয়ের হার 'উচ্চ' সীমার দিকে ধাবিত হচ্ছে।
দেশের এই বহুমুখী সংকট নাগরিকদের মানসিকভাবেও বিপর্যস্ত করে তুলেছে। 'ব্রিটিশ মেডিকেল জার্নাল'-এ প্রকাশিত ২০১৮ থেকে ২০২২ সালের একটি জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের ফলাফলে দেখা গেছে, প্রতি তিনজন পকিস্তানির একজন কোনো না কোনো চিহ্নিত মানসিক বা আচরণগত সমস্যায় ভুগছেন। প্রতি পাঁচজনের মধ্যে একজন ট্রমা-পরবর্তী মানসিক চাপে আক্রান্ত। উদ্বেগজনকভাবে ৬ শতাংশ মানুষ আত্মহত্যার চিন্তার কথা জানিয়েছেন এবং ১০ শতাংশের বেশি মানুষ বিষণ্নতায় ভুগছেন। কম আয়, শিক্ষার অভাব, বেকারত্ব, বয়স এবং পারিবারিক বিশৃঙ্খলাকে এসব মানসিক ব্যাধির অন্যতম মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে, মানব উন্নয়ন সূচকেও পাকিস্তানের অবস্থান ক্রমাগত পেছাচ্ছে। ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৫-এ ১৯৩টি দেশের মধ্যে পাকিস্তান ১৬৮তম স্থান পেয়ে 'নিম্ন' মানব উন্নয়ন ক্যাটাগরিতে পড়ে রয়েছে। আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই মানব উন্নয়নের বিচারে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।
বাস্তবতা হলো, বছরের পর বছর ধরে ভুল নীতি ও সুশাসনের অভাবই এই সংকটকে গভীরতর করেছে। মানব উন্নয়নের বিষয়টিকে কেবল নির্বাচনী ইশতেহার কিংবা সরকারি বক্তৃতার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা হয়েছে। কোভিড-১৯, বন্যা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব অর্থনীতিকে গুঁড়িয়ে দিলেও সরকারের অগ্রাধিকার তালিকায় মানব উন্নয়ন কখনোই স্থান পায়নি। পাশাপাশি ভূ-রাজনৈতিক ও সীমান্ত উত্তেজনা এবং সাম্প্রতিক গালফ যুদ্ধের ধাক্কা দেশের সম্পদ ও মনোযোগকে মানব উন্নয়ন থেকে নিরাপত্তা অগ্রাধিকারের দিকে সরিয়ে নিয়েছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট, যা রফতানি বাণিজ্য ব্যাহত করছে এবং বৈদেশিক বিনিয়োগকে স্তব্ধ করে দিয়েছে। দুটি প্রদেশে সন্ত্রাসবাদ এবং সার্বিক দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে স্থানীয় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছেন। এই পরিস্থিতির কারণে বাধ্য হয়ে বহু বিদেশী কোম্পানি তাদের মূলধন গুটিয়ে পাকিস্তান ত্যাগ করেছে।
পাকিস্তান অর্থনীতির প্রাণকেন্দ্র এবং কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তার ভিত্তি কৃষি খাতও গত কয়েক দশকে চরম অবহেলার শিকার হয়েছে। কৃষি উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, পানিসম্পদ ব্যবস্থাপনার চরম ব্যর্থতা, দ্রুত জমির উর্বরতা হ্রাস এবং বাজারব্যবস্থার শোষণে এই খাতটি পঙ্গু হয়ে পড়েছে। বিদ্যুতের রেকর্ড দাম, অস্থিতিশীল গ্রিড ব্যবস্থা এবং জ্বালানি সারচার্জসহ ভারি করের বোঝা কৃষি খাতকে বিপদে ফেলেছে। অন্যদিকে, পেট্রোলিয়ামের অতিরিক্ত মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়ে গেছে, যা খামার থেকে বাজারে পণ্য পৌঁছানোর সরবরাহ শৃঙ্খলের ব্যয় বাড়িয়ে দিয়েছে। ফলশ্রুতিতে সৃষ্ট খাদ্য মূল্যস্ফীতি কোটি কোটি পরিবারকে তাদের খাদ্যতালিকা ও পুষ্টির সঙ্গে আপস করতে বাধ্য করছে।
দারিদ্র্য ও অনাহার যখন দেশের লাখ লাখ পরিবারের জন্য অস্তিত্বের সংকট হিসেবে দাঁড়িয়েছে, তখন জাতীয় পর্যায়ে এসব বিষয় নিয়ে কোনো কার্যকর আলোচনাই চোখে পড়ে না। জাতীয় গণমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে মূল আলোচনা ও টকশো ঘুরেফিরে গভর্নর শাসন বা নতুন প্রদেশ গঠনের মতো বিষয় নিয়েই মেতে থাকে। আসল সংকট থেকে জনগণের দৃষ্টি সরিয়ে রাখা এবং এসব গঠনমূলক প্রতিবেদন উপেক্ষা করা নাগরিকদের মনে ক্ষোভ ও হতাশাই কেবল বাড়িয়ে চলেছে।