মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 10, 2026
November 10, 2026
খেলাধুলা
খেলাধুলা

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

Published: November 10, 2026 at 12:17 PM
বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার এড়ানো নিশ্চিত করেছে ভারত। হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দুই ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে এগিয়ে থাকল সফরকারীরা। দুই দিন ধরে চলা বৃষ্টির প্রভাব পড়ে ম্যাচে। কয়েক দফা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। পরে বৃষ্টি থামলে দুই ইনিংস ৪০ ওভার করে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুবমান গিল। তবে খেলোয়াড়েরা মাঠে নামার আগেই আবার বৃষ্টি শুরু হয়। বারবার মাঠ পরিদর্শন ও কভার সরানোর চেষ্টা করেও খেলা আয়োজন সম্ভব হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।


এই ম্যাচে ভারতের একাদশে কোনো পরিবর্তন ছিল না। অন্যদিকে নিউজিল্যান্ড ব্লেয়ার টিকনারের পরিবর্তে দলে নেয় ম্যাথু ফিশারকে। সিরিজে টিকে থাকতে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে নিউজিল্যান্ডকে। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত হবে শেষ দুটি ওয়ানডে। তবে টেস্ট সিরিজের প্রস্তুতির কারণে শেষ দুই ম্যাচে ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, হেনরি নিকলস, টম ল্যাথাম ও নাথান স্মিথকে পাবে না স্বাগতিকরা। অন্যদিকে টেস্টের প্রস্তুতি নিতে শেষ দুই ওয়ানডেতে খেলবেন না ভারতের অধিনায়ক শুবমান গিল ও লোকেশ রাহুল।