মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 10, 2026
November 10, 2026
খেলাধুলা
খেলাধুলা

ব্যালন ডি’অর জিতেও ফিফপ্রোর একাদশে নেই কেইন, ফিরলেন মেসি

Published: November 10, 2026 at 12:16 PM
ব্যালন ডি’অর জিতেও ফিফপ্রোর একাদশে নেই কেইন, ফিরলেন মেসি

ব্যালন ডি’অর জিতেও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা হলো না হ্যারি কেইনের। গত মৌসুমে গোলের পর গোল করে আলোচনায় থাকা বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার এবার পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত সেরা দলে উপেক্ষিত হয়েছেন। অন্যদিকে তিন বছর পর আবারও বিশ্বসেরা একাদশে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।  পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো ঘোষিত এবারের ছেলেদের বর্ষসেরা একাদশে আক্রমণভাগে জায়গা পেয়েছেন লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম মেসি। ২০২৩ সালের পর এই প্রথম ফিফপ্রোর সেরা একাদশে জায়গা পেলেন ৩৯ বছর বয়সী এই তারকা।


এ নিয়ে ক্যারিয়ারে ১৮তমবারের মতো ফিফপ্রোর বর্ষসেরা একাদশে নির্বাচিত হলেন মেসি। ফুটবল ইতিহাসে সর্বোচ্চবার এই দলে জায়গা পাওয়ার রেকর্ডও নিজের দখলে আরও শক্ত করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে এবারের একাদশে সবচেয়ে বড় চমক কেইনের অনুপস্থিতি। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছিলেন বায়ার্নের এই ইংলিশ স্ট্রাইকার। গত মাসে জিতেছেন ব্যক্তিগত ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অরও। অথচ ফুটবলারদের ভোটে নির্বাচিত সেরা একাদশে জায়গা হয়নি তার।


শুধু কেইন নন, তার বায়ার্ন সতীর্থ ফরাসি তারকা মাইকেল ওলিসে এবং গত বছরের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলেও বাদ পড়েছেন এই তালিকা থেকে। ফলে এবারের একাদশে কারা থাকছেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এবারের দলে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই দ্বিতীয়বারের মতো ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। এর মাধ্যমে ২০ বছর বয়স হওয়ার আগেই দুবার এই দলে নির্বাচিত হওয়া প্রথম ফুটবলার হওয়ার কীর্তি গড়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।


স্পেনের ২০২৬ বিশ্বকাপজয়ী দল থেকেও একাদশে জায়গা পেয়েছেন আরও তিন ফুটবলার। রক্ষণভাগে পাউ কুবারসি, মাঝমাঠে রদ্রি এবং গোলপোস্টে ডেভিড রায়া রয়েছেন। ক্লাব ফুটবলেও দাপট দেখিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। টানা দুবার চ্যাম্পিয়নস লিগজয়ী দলটি থেকে জায়গা পেয়েছেন আশরাফ হাকিমি, নুনো মেন্দেজ ও ভিতিনিয়া। রিয়াল মাদ্রিদ থেকে এমবাপ্পের পাশাপাশি রয়েছেন জুড বেলিংহাম।


উল্লেখ্য, গত মৌসুমে বায়ার্নের হয়ে বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ জিতেছেন কেইন। ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সেই প্রতিযোগিতায় ছয়টি গোল করেছিলেন এই স্ট্রাইকার।


চলতি মৌসুমেও তার গোলসংখ্যা ১৬। এতসব সাফল্যের পরও ফিফপ্রোর একাদশে জায়গা না পাওয়ায় আলোচনায় উঠে এসেছেন তিনি। ফিফপ্রোর এই একাদশ নির্বাচনে এবার অংশ নিয়েছেন ৭৩ দেশের ১৯ হাজার ৮০৬ জন পুরুষ ফুটবলার। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ২০০৫ সাল থেকে ছেলেদের এবং ২০১৫ সাল থেকে মেয়েদের বর্ষসেরা একাদশ নির্বাচন করে আসছে। ফুটবলবিশ্বে এই দল পরিচিত ‘ওয়ার্ল্ড ইলেভেন’ নামে।


ছেলেদের পাশাপাশি মেয়েদের বর্ষসেরা একাদশ নিয়েও তৈরি হয়েছে আলোচনা। দুর্দান্ত মৌসুম কাটিয়েও জায়গা পাননি ম্যানচেস্টার সিটির খাদিজা শ, কানসাস সিটি কারেন্টের তেমওয়া চাওউয়িঙ্গা, বার্সেলোনার পাত্রি গুইহারো ও এভা পাইয়র।


তবে ইতিহাস গড়েছেন ইংল্যান্ড ও চেলসির রাইটব্যাক লুসি ব্রোঞ্জ। প্রথম নারী ফুটবলার হিসেবে নবমবারের মতো ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।৬৪ দেশের ৬ হাজার ৫১১ জন নারী ফুটবলারের ভোটে নির্বাচিত এই দলে ইংল্যান্ড ও স্পেনের বাইরে একমাত্র প্রতিনিধি জাম্বিয়ার ফরোয়ার্ড বারবারা বান্দা। স্পেনের দুই তারকা আইতানা বোনমাতি ও আলেক্সিয়া পুতেয়াসও রয়েছেন একাদশে। গত মাসে তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন পুতেয়াস। বোনমাতিরও রয়েছে সমান তিনটি মেয়েদের ব্যালন ডি’অর।


২০২৬ ফিফপ্রো পুরুষ বর্ষসেরা একাদশ


গোলরক্ষক : দাভিদ রায়া (আর্সেনাল, স্পেন)।

ডিফেন্ডার : পাউ কুবার্সি (বার্সেলোনা, স্পেন), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)।

মিডফিল্ডার : জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা, স্পেন), ভিতিনহা (পিএসজি, পর্তুগাল)।

ফরোয়ার্ড : আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।


২০২৬ ফিফপ্রো নারী বর্ষসেরা একাদশ


গোলরক্ষক : হ্যানা হ্যাম্পটন (চেলসি, ইংল্যান্ড)।

ডিফেন্ডার : লুসি ব্রোঞ্জ (চেলসি, ইংল্যান্ড), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড), মাপি লেওন (বার্সেলোনা/লন্ডন সিটি লায়নেসেস, স্পেন), আইরিন পারেদেস (বার্সেলোনা, স্পেন)।

মিডফিল্ডার : আইতানা বনমাতি (বার্সেলোনা, স্পেন), আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা/লন্ডন সিটি লায়নেসেস, স্পেন), এলা টুন (ম্যানচেস্টার ইউনাইটেড, ইংল্যান্ড)।

ফরোয়ার্ড : বারব্রা বান্দা (অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া), ক্লদিয়া পিনা (বার্সেলোনা, স্পেন), অ্যালেসিয়া রুসো (আর্সেনাল, ইংল্যান্ড)।