মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 10, 2026
November 10, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

মার্কিন চাপের মুখেও সীমান্ত পথ খুলে দিলো ইরাক

Published: November 10, 2026 at 12:07 PM
মার্কিন চাপের মুখেও সীমান্ত পথ খুলে দিলো ইরাক


ইরানকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে গত মাসে বন্ধ করে দেওয়া ইরান সংলগ্ন ‘শিব’ সীমান্ত পথটি যাত্রী ও বাণিজ্যিক চলাচলের জন্য খুলে দিয়েছে ইরাক। এর আগে অক্টোবরে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এবং চোরাচালান রোধে শনাক্তকরণ সরঞ্জাম বসানোর জন্য ইরাকি সরকার মিসান প্রদেশে অবস্থিত আল-শিব সীমান্ত পথটি বন্ধ করে দিয়েছিল। ইরাকের বর্ডার পোর্টস অথরিটির প্রধান আলা আল-ওয়াইলি জানিয়েছেন, প্রয়োজনীয় কারিগরি শর্ত পূরণ এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিব সীমান্ত পথটি পুনরায় চালু হয়েছে। সরকারি ইরাকি সংবাদ সংস্থা (আইএনএ)-তে প্রকাশিত এক বিবৃতিতে আল-ওয়াইলি জানান, বর্ষা মৌসুমের আগে প্রস্তুতি ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার সকাল থেকে মানদালি সীমান্ত পথটি বন্ধ রাখা হবে।


দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন জানিয়েছেন, প্রতিবেশী ইরানের সঙ্গে থাকা অধিকাংশ সীমান্ত পথ বন্ধ করার জন্য বাগদাদের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র; এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনাও চলছে। রাজনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর লক্ষ্যেই ওয়াশিংটন এমন পদক্ষে নিচ্ছে। এর আগে আল-শিব সীমান্ত পথটি বন্ধ করার ঘটনায় কেন্দ্রীয় সরকার ও মিসান প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল; একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বিক্ষোভও দেখা দিয়েছিল।


এর আগে সেপ্টেম্বর মাসেও শিব সীমান্ত পথটি বন্ধ রাখা হয়েছিল। ইরাকের ‘সিকিউরিটি মিডিয়া সেল’-এর ভাষ্যমতে, সীমান্ত ব্যবস্থাপনা পুনর্গঠন এবং বিভিন্ন সীমান্ত পয়েন্টে অনিয়ম তদন্তের অংশ হিসেবেই তখন এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ওই সময় কর্তৃপক্ষ জুরবাতিয়াহ ও আল-মুন্দিরিয়াহ সীমান্ত পথগুলো যাত্রীদের জন্য খোলা রেখেছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী আলী আল-জাইদি আটকা পড়া যাত্রীদের শিব ও শালামচেহ সীমান্ত দিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার নির্দেশ দেন।


তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূত ইয়াসির আব্দুল জাহরা আল-হাজ্জাজ সোমবার জানিয়েছেন, আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী আলী আল-জাইদি সম্প্রতি ইরান সফর করেছেন। আল-হাজ্জাজ আইএনএ-কে জানান, এই সফরটি ছিল ‘ব্যক্তিগত এবং পূর্বঘোষণা ছাড়া’। বর্ডার পোর্টস অথরিটি জানিয়েছে, কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কারণেই শিব সীমান্ত পথটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সফরের সাথে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।


এর আগে রবিবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মার্কিন অর্থ বিভাগ বাগদাদকে ইরান-সংলগ্ন সীমান্তগুলোর মধ্যে দুটি বাদে বাকি সব সীমান্ত পথ বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, ইরাক সরকার এই অনুরোধের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এটি বাস্তবায়ন করা হলে তা ইরাকের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।


উল্লেখ্য, শিব সীমান্ত পথটি দক্ষিণ-পূর্ব ইরাকের মাইসান প্রদেশে অবস্থিত এবং এটি ইরানের খুজেস্তান প্রদেশের চাজাবেহ সীমান্ত পথের সাথে যুক্ত। অন্যদিকে মানদালি সীমান্ত পথটি ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে অবস্থিত। গত ২১ অক্টোবর ইরাকি সরকারের মুখপাত্র হায়দার আল-আব্বুদি জানিয়েছিলেন, কারিগরি প্রস্তুতির অভাবের কারণেই শিব সীমান্ত পথটি বন্ধ রাখা হয়েছিল। তবে তিনি উল্লেখ করেন, অন্যান্য সীমান্ত পথ দিয়ে তেহরানের সাথে বাণিজ্য কার্যক্রম অব্যাহত ছিল।