সোমবার ০৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 09, 2026
November 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসে দশ মাসে ৪৩৪৪টি বিরোধ নিষ্পত্তি

Published: November 09, 2026 at 02:06 PM
চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসে দশ মাসে ৪৩৪৪টি বিরোধ নিষ্পত্তি

চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র, অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস। পাশাপাশি অনেক আবেদন নিষ্পত্তি করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়া হচ্ছে। বর্তমানে বিচারপ্রার্থী মানুষের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। কার্যদিবসের প্রতিদিন অনেক মানুষ লিগ্যাল এইড অফিসে বিচারের আবেদন নিয়ে আসছেন। 

সোমবার সকালে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের লিগ্যাল এইড কার্যালয়ের ভেতরে বিচারপ্রার্থীদের নিয়ে কাউন্সেলিং করা হচ্ছে। অনেকেই আবেদন দাখিল করছেন এবং অনেকেই বাইরে অপেক্ষা করছেন। 

জেলা লিগ্যাল এইড অফিসার মো. আবু সাঈদ জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ১০ মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হয়েছে ৪ হাজার ৩৪৪টি। এছাড়া ক্ষতিপূরণ ও পাওনা টাকা আদায় করে বিচারপ্রার্থীদের নিকট প্রদান করা হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৫৩৫ টাকা। গত ১০ মাসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষে মোট ৪ হাজার ৪৩৪টি আবেদন দাখিল করা হয়। 

তিনি আরো জানান, গত নয়  মাসে নিয়মিত আদালতে দায়েরকৃত মোট ৬১২টি মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়েছে এবং সম্পূর্ণ বিনা খরচে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে ২ হাজার ৮০৮ জন বিচারপ্রার্থীকে। তিনি জানান, আইনগত সহায়তা সেবা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে গত ১০ মাসে তৃণমূল পর্যায়ে সভা-সেমিনারসহ ২৭টি সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আবু সাঈদ জানান, সরেজমিনে নালিশী জমি পরিদর্শনের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে অসংখ্য বিরোধ। বর্তমানে জেলা লিগ্যাল এইড অফিসে চিফ লিগ্যাল এইড অফিসার, জেলা লিগ্যাল এইড অফিসারের পাশাপাশি আরো ২ জন স্পেশাল মেডিয়েটর কাজ করছেন।