জাপানের জনপ্রিয় দানব চরিত্র গডজিলা আবারও বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করেছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে জাপানি চলচ্চিত্র ‘গডজিলা মাইনাস জিরো’। জাপানি ভাষার এই ছবিটি উত্তর আমেরিকায় আয় করেছে ৩ কোটি ১৬ লাখ ডলার। বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ৬ কোটি ৩০ লাখ ডলারে। বিদেশি ভাষার সরাসরি অভিনীত চলচ্চিত্রের ক্ষেত্রে উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহান্তের আয়ের নতুন রেকর্ডও গড়েছে এটি।
১৯৫৪ সালে যাত্রা শুরু করা গডজিলা চলচ্চিত্রমালার ৩৯তম ছবি ‘গডজিলা মাইনাস জিরো’। জাপানি ভাষায় নির্মিত ছবিটি ইংরেজি উপশিরোনামসহ প্রদর্শিত হচ্ছে। মুক্তির আগে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও প্রথম সপ্তাহান্তের আয় প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। ২০২৩ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর প্রথম সপ্তাহান্তের আয়ের তুলনায় নতুন ছবিটির আয় প্রায় তিন গুণ।
পরিচালক তাকাশি ইয়ামাজাকির এই ছবির কাহিনি এগিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের জাপানকে ঘিরে। ১৯৪৯ সালে যুদ্ধবিধ্বস্ত দেশটি যখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই সামনে আসে নতুন বিপদ। সমুদ্রের তলদেশে মৃত বলে ধারণা করা গডজিলা আবার ফিরে আসে। এবার তার প্রতিপক্ষ তিন মাথাবিশিষ্ট ড্রাগনসদৃশ দানব ঘিদোরা। মুখ থেকে বিদ্যুৎ ছুড়ে ভবন ধ্বংস করতে সক্ষম এই দানবের সঙ্গে গডজিলার সংঘাতই ছবির মূল আকর্ষণ।
জাপানেও ছবিটি অভাবনীয় সাড়া ফেলেছে। ৩ নভেম্বর মুক্তির প্রথম দিনেই আয় করেছে ৫৭ লাখ ৫০ হাজার ডলার। দেশটিতে সরাসরি অভিনীত চলচ্চিত্রের ক্ষেত্রে প্রথম দিনের আয়ের নতুন রেকর্ড এটি। প্রযোজনা প্রতিষ্ঠান তোহোর তথ্য অনুযায়ী, আগের ছবি ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর প্রথম দিনের আয়ের দ্বিগুণেরও বেশি আয় করেছে নতুন কিস্তিটি।
ছবিটির সাফল্যের পেছনে আন্তর্জাতিক বাজারে প্রায় একই সময়ে মুক্তি পাওয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রযোজনা প্রতিষ্ঠান তোহো গ্লোবাল। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট কোজি উয়েদা বলেন, বিশ্বজুড়ে দর্শকেরা গডজিলা এবং পরিচালক তাকাশি ইয়ামাজাকির নির্মাণভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত- এই সাফল্য তারই প্রমাণ। জাপানি গডজিলা চলচ্চিত্রের ক্ষেত্রে প্রথমবারের মতো প্রায় একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল।
বড় পর্দার বিশেষ প্রদর্শনীও ছবিটির আয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী ছবিটির মোট আয়ের ৩৪ শতাংশ এসেছে আইম্যাক্স প্রদর্শনী থেকে। শিল্প বিশ্লেষকদের মতে, বড় পর্দায় দানবীয় সংঘর্ষ ও বিশেষ দৃশ্য উপভোগের আগ্রহ দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে সহায়তা করেছে।
এদিকে একই সময়ে মুক্তি পাওয়া ভারতীয় মহাকাব্যনির্ভর চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-ও বিশ্বব্যাপী ভালো ব্যবসা করেছে। ছবিটি প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে ৫ কোটি ৫৭ লাখ ডলার আয় করেছে। তবে উত্তর আমেরিকার বাজারে ৮৭ লাখ ডলার আয় নিয়ে গডজিলার তুলনায় বেশ পিছিয়ে রয়েছে এটি।
গডজিলা চলচ্চিত্রমালার দীর্ঘ ইতিহাসে নতুন কিস্তিটির এই সাফল্য জাপানি চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজারে অবস্থান আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইংরেজি ভাষার বাইরে নির্মিত একটি ছবি উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান দখল করায় আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে দর্শকদের রুচি ও আগ্রহের পরিবর্তন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।