রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা আবারো প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন ক্যাটাগরিতে অফিসাররাও শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। রাজশাহীতে অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় জেলার মূল্যায়নে এই শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি ঘোষণা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে আরো জানানো হয়, অক্টোবর-২০২৬ মাসে রাজশাহী রেঞ্জের ৮ জেলার ৭১টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে প্রথম স্থান অর্জন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ। মামলার রহস্য উদ্ঘাটনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সদর মডেল থানার এসআই মো. বেল্লাল হোসেন, মাদক উদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন জেলা গোয়েন্দা শাখার এএসআই মো. শাহিদ আখতার, গ্রেপ্তইর পরোয়ানা তামিলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন শিবগঞ্জ থানার এএসআই মো. আকতার হোসেন।
ফেসবুক পোস্টে আরো বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসারগণ রাজশাহী রেঞ্জের ডিআইজি’র নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।
জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জের এই সাফল্য অর্জনে অবদান রাখার জন্য পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত সকল অফিসার ও পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। এই সাফল্য ধরে রাখতে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য জেলা পুলিশের সকল সদস্যকে নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো জানান, এই সাফল্য শুধু জেলা পুলিশের একার নয়, সকল স্তরের জনবান্ধব চাঁপাইনবাবগঞ্জবাসীরও।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।