চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুরে পাচার চেষ্টার অভিযোগে ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিসিআইসি সার ডিলার ও এক নসিমনচালককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। সদর উপজেলা কৃষি অফিসার সুনাইনবিন জামান এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, ৮০ বস্তা ডিএপি সার একটি নসিমন গাড়ি ভর্তি করে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে নিয়ে যাওয়া হচ্ছিল। যা আইন বহির্ভূত হওয়ায় বিসিআইসি সার ডিলার মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ (৪৫)কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অনাদায়ে তাকে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে নসিমন চালক মো. মতিন (৪৮)কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় সারগুলো জব্দ করে উপসহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়। সারগুলো আজ মঙ্গলবার সরকারি মূল্যে প্রকৃত কৃষকদের মধ্যে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।
সুনাইনবিন জামান আরো জানান, গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধভাবে সার মজুত, পাচার ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।