চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ফুটবলার এবং ক্রীড়া সংগঠক তৌফিকুল ইসলাম তোফা বেশকিছু দিন থেকে হৃদরোগজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ক্রীড়াঙ্গনের বিশিষ্ট এই ব্যক্তির দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (পুরাতন) জেলার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়ায় উপস্থিত ছিলেন— জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মিঠু, ইসরাঈল সেন্টু, সাবেক ফুটবলার ফিরোজ কবির, ক্রীড়া সংগঠক আজমাল হোসেন, সালামত হোসেন, রফিকুল ইসলাম, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় নাসির উদ্দিন, সাবেক ফুটবলার সামসুল আলম, কামরুল আলম, আপেলসহ ক্রীড়াবিদ ও সংগঠকরা।
ফুটবলার তোফার রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। এছাড়াও ক্রীড়া সংগঠক ইকবাল মনোয়ার হোসেন চান্না ও সিনিয়র কোচ হুমায়ন কবির লুকুর রোগমুক্তি কামনা করা হয় মাহফিলে।