শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 23, 2026
October 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে লালনের বাণী ও গানে সাধুসঙ্গ

Published: October 23, 2026 at 02:34 PM
চাঁপাইনবাবগঞ্জে লালনের বাণী ও গানে সাধুসঙ্গ


মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মহান সাধক লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ‘চাঁপাই বাউল ভক্তকুল’ আয়োজিত এ অনুষ্ঠানে মিলিত হন জেলার বিভিন্ন এলাকার সাধু, বাউল ও লালনভক্তরা। সাধু সাজাহান চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে লালনের বাণী দিয়ে সূচনা বক্তব্য দেন ১৩৬তম তিরোধান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ভক্ত কাওসার রিপন। আলোচনা পর্বে লালনের বাণী, জীবনদর্শন ও মানবিক চেতনা নিয়ে বক্তব্য দেন গম্ভীরা শিল্পী মাহবুব আলম, কবি আনিফ রুবেদ, আলাউদ্দিন সাধু ও মোহাম্মদ হুমায়ুন সাধুসহ আমন্ত্রিত সাধু ও ভক্তরা। তাঁদের আলোচনায় উঠে আসে লালনের গান ও দর্শনের তাৎপর্য। আলোচনা শেষে লালনসংগীত পরিবেশন করেন ভক্ত কাওসার রিপন, আব্দুল কালাম ভাণ্ডারী, ইসমাইল ভাণ্ডারী ও মহানন্দা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। লালনের গান, বাণী ও দর্শনকে ঘিরে এ সাধুসঙ্গ পরিণত হয় সাধু ও ভক্তদের মিলনমেলায়।