শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি এই তথ্য জানায়। এ সময় নগদ ২০ হাজার ৬৪০ টাকা, ৩ টি মোবাইল ফোন, ২ এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়েছে। এর আগে এসআরবি সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টির মুকিম মার্কেটের নিচতলার প্রবেশপথ থেকে দক্ষিণ দিকে তৃতীয় নম্বর দোকানে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, কথিত জাল টাকা ব্যবসায়ী ৩ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে জাল নোটসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মৃত আজাহার আলীর ছেলে বশির উদ্দিন, মৃত রজবুল হকের ছেলে মানিক ও মৃত আবুল হোসেনের ছেলে ইউসুফ আলী। গ্রেফতারকৃতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে। এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা আলামতসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানায় এসআরবি।