পূজার কয়েকটি দিন ভরপুর খাওয়া দাওয়া, অতিথি আপ্যায়ন চলে। আমিষ নিরামিষ সব ধরনের খাবারই পাতে থাকে। তবে নবমী-দশমীতে প্রাণীজ আমিষ খাবার বেশি খাওয়া হয়। তার আগের দিনগুলোতে মিরামিষ পদ পাতে রাখেন অনেকে। যারা মজাদার ও ভিন্ন একটি সবজির পদ টেবিলে রাখতে চান, তারা বিভিন্ন সবজি ও ডাল দিয়ে বানিয়ে নিন ডাল ভেজ। রেসিপি দিয়েছেন জিনিয়া ফয়সাল।
উপকরণ: মুগ ডাল ১/২ কাপ, ফুল কপি ১/২ কাপ, কুমড়া ১/২ কাপ, পটল ১/২ কাপ, পেঁপে ১/২ কাপ, আলু ১ টা, গাজর ১/২ কাপ, বরবটি ১/২ কাপ, কাঁচা মরিচ ৪টি, পেঁয়াজ কুচি ১/২ কাপ, গোটা জিরা ১/২ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, লবণ পরিমাণমতো, পানি ১ কাপ, জিরার গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ।
প্রস্তুত প্রণালি: প্রথমে সব ধরনের সবজি ভালো করে কেটে ধুয়ে নিন। ডালও ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ডাল ও সবজি সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিতে হবে। অন্য একটি প্যানে তেল গরম করে গোটা জিরা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ হালকা ভাজুন। আদা-রসুন বাটা দিয়ে একটু নাড়তে হবে। সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিন। এতে সিদ্ধ করে রাখা ডাল সবজি ভালো করে মিশিয়ে নিন। এ পর্যায়ে সবজিতে একে একে কাঁচা মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া দিন। ভালো করে ৩ মিনিট ফুটিয়ে নিন। সবজি ও ডাল ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।