তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ ৩ বছর পর ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরেছেন পঁচাত্তর বছর বয়সি এই তারকা। পূর্বের মতো দ্বিতীয় পার্ট নির্মাণ করেছেন নেলসন দিলীপ কুমার। মজার ব্যাপার হলো—সিনেমাটির অতিথি চরিত্রে রয়েছেন হৃতিক রোশান, জ্যাকি শ্রফ, মোহনলালকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতের ১ হাজার ৫০০ পর্দা ও বিদেশে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছেন ‘জেলার টু’ সিনেমা। মুক্তির আগে থেকেই রজনীকান্তের সিনেমাটি নিয়ে উন্মাদনায় ভাসছেন তার ভক্ত-অনুরাগীরা। আর মুক্তির পর প্রিয় তারকার সিনেমা নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই, তারই ছাপ পড়েছে বক্স অফিসেও।
চলতি বছরে তামিল ভাষার বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার শীর্ষে রয়েছে রজনীকান্তের ‘জেলার টু’ (১১০ কোটি রুপি)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে—‘জন নায়াগান’ (৮১.০৫ কোটি রুপি), ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ (৩০ কোটি রুপি)। চলুন জেনে নিই, রজনীকান্তের আলোচিত সিনেমা প্রথম দিনে বিশ্বব্যাপী কত টাকা আয় করল—
স্যাকনিল্কের তথ্য মতে, মুক্তির প্রথম দিনে ‘জেলার টু’ সিনেমা ভারতে আয় করেছে ৫৯.৭০ কোটি রুপি (নিট), ভারতে গ্রস আয় ৭০.২৫ কোটি রুপি, বিদেশে আয় করেছে ৫৫ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ১২৫.২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬২ কোটি ৪১ লাখ টাকা)।
বলিমুভিরিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘জেলার টু’ সিনেমা ভারতে আয় করেছে ৫৯ কোটি রুপি (নিট)। প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪২ কোটি ৬৩ লাখ টাকা)।
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—রম্যা কৃষ্ণান, যোগী বাবু, মিরনা, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, সুরাজ প্রমুখ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন কালানিথি মারন। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।