বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 08, 2026
October 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খাঁড়িতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

Published: October 07, 2026 at 03:17 PM
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খাঁড়িতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীর একটি খাঁড়িতে গোসল করতে নেমে আনিকা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর বেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আনিকা খাতুন নারায়ণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জোহরপুর বেলপাড়া গ্রামের আনিকুল ইসলামের মেয়ে। সে জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে বাড়ির অদূরে পদ্মা নদীর ওই খাঁড়ির ঘাটে কাপড় কাচতে ও গোসল করতে যায় আনিকা। কাপড় কাচা শেষে গোসলের জন্য পানিতে নামার পর সে ডুবে নিখোঁজ হয়।

পরে স্বজনরা তার খোঁজে ঘাটে গিয়ে কাপড় ও ঘাটে পুঁতে রাখা বাঁশে ঝোলানো আনিকার ওড়না দেখতে পান। তবে আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর স্থানীয়রা পানিতে নেমে খোঁজ শুরু করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি দলসহ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে রাত ৮টা পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন ও ইউপি সদস্য মো. রবু জানান, আনিকা একাই পদ্মা নদীর খাঁড়ির ওই ঘাটে কাপড় কাচতে ও গোসল করতে গিয়েছিল বলে জানা গেছে। পরে ঘাটে তাকে না পেয়ে স্বজনরা প্রথমে নিজেরাই পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

নিখোঁজ আনিকার সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।