চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ জনে।
জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৫১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুরে ৫ জন, নাচোলে ৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনকে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ৩০ জন রোগীকে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে জেলা হাসপাতালে ৮০ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, গোমস্তাপুরে ১৪ জন, নাচোলে ৩ জন এবং ভোলাহাটে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলা হাসপাতালে ভর্তি ৮০ জনের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৩৩ জন নারী। শিবগঞ্জে ভর্তি সাতজনই পুরুষ। গোমস্তাপুরে ১১ জন পুরুষ ও ৩ জন নারী, নাচোলে ৩ জন পুরুষ এবং ভোলাহাটে ৬ জন পুরুষ ও ১ জন নারী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় ৫২ জন ডেঙ্গু রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৪৫ জন, শিবগঞ্জ থেকে ৪ জন, গোমস্তাপুর থেকে ২ জন, নাচোল থেকে ১ জন এবং ভোলাহাট থেকে ১ জন রয়েছেন।
অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে তিনজন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট ২ হাজার ১৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে।