রবিবার ০৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: October 04, 2026
October 04, 2026
বিনোদন
বিনোদন

শুটিংয়ের সময় বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয়

Published: October 04, 2026 at 01:44 PM
শুটিংয়ের সময় বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয়

একটি চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে অভিনেতাদের অনেক সময় কঠিন শারীরিক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়। কখনো ওজন কমানো, কখনো বাড়ানো—চরিত্রের প্রয়োজনে বদলে ফেলতে হয় খাদ্যাভ্যাসও।


এমনই কঠিন অভিজ্ঞতার কথা জানিয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ২০২২ সালের ‘লিগার’ সিনেমায় এমএমএ যোদ্ধার চরিত্রে অভিনয়ের জন্য কঠোর প্রস্তুতি নিয়েছিলেন বিজয়। নিজেকে পেশিবহুল ও ছিপছিপে করে তুলতে নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি কমিয়ে দিয়েছিলেন পানি পানও।


সাধারণত দিনে প্রায় চার থেকে ছয় লিটার পানি পান করেন বিজয়। কিন্তু ‘লিগার’-এর চরিত্রের জন্য শুটিংয়ের আগে ধাপে ধাপে সেই পরিমাণ কমিয়ে আনতে হয়েছিল তাকে। একপর্যায়ে দিনে মাত্র ১০০ মিলিলিটার পানি পান করতেন অভিনেতা। এমনকি শুটিংয়ের আগে টানা প্রায় ১০ ঘণ্টা পানি না খেয়েও থাকতে হতো।

তীব্র তৃষ্ণার সময় কী করতেন বিজয়, এমন প্রশ্নে অভিনেতার ভাষ্য, পানি পান করতে না পেরে শেষ পর্যন্ত মুখে বরফের টুকরো রেখে তৃষ্ণা মেটানোর চেষ্টা করতেন তিনি।


তবে এই প্রক্রিয়া মোটেই সহজ ছিল না, এমনকি স্বাস্থ্যকরও নয় বলে স্বীকার করেছেন বিজয়। শরীরে পানির পরিমাণ কমে যাওয়ায় শুটিংয়ের সময় পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠত। চার ঘণ্টার শুটিং শেষ হওয়ার অপেক্ষায় থাকতেন তিনি। কখন শুটিং শেষ হবে, আর কখন পানি পান করতে পারবেন—সেটিই হয়ে উঠত তার প্রধান চিন্তা।


এ কারণে শুটিং শেষ হওয়ার আগেই নিজের দলকে ডাবের পানি প্রস্তুত রাখতে বলতেন বিজয়। শুটিং শেষ হওয়ার পর একসঙ্গে প্রায় চার লিটার ডাবের পানি পান করতেন বলেও জানান তিনি। অভিনেতা আরো জানান, শুটিংয়ের আড়াই ঘণ্টা পার হলেই কাজ দ্রুত শেষ করার জন্য দলকে তাগাদা দিতে শুরু করতেন। কারণ তখন তার একমাত্র অপেক্ষা ছিল শুটিং শেষ করে পানি পান করা।


‘লিগার’-এ এমএমএ যোদ্ধার চরিত্রে অভিনয়ের পাশাপাশি এই সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রেও অভিষেক হয় বিজয় দেবেরাকোন্ডার।