শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 13, 2026
October 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে একদিনে শতাধিক ছাড়াল ডেঙ্গু আক্রান্ত

Published: October 04, 2026 at 02:04 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে শতাধিক ছাড়াল ডেঙ্গু আক্রান্ত


চাঁপাইনবাবগঞ্জে একদিনে নতুন করে আরো ১০৫ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৬৩ জনকে জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ৪২ জন সাধারণ রোগীকে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৫৪ জনকে। নতুন করে আক্রান্তদের মধ্যে জেলা হাসপাতালে ৫৬ জন, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে এবং নাচোলে ২ জন ও ভোলাহাটে ১ জন রোগী ভর্তি হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, নতুন ৬৩ জন রোগীর মধ্যে ৩৫ জন পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন।

একই সময়ে জেলা হাসপাতাল থেকে ৪৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জনসহ ৫৪ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে।


বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে বর্তমানে ৪৭ জন পুরুষ ও ৪৬ জন নারীসহ ভর্তি রোগী ৯৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন পুরুষ ও ১ জন নারীসহ ৭ জন, গোমস্তাপুরে ৮ জন পুরুষ, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ পুরুষ ও ভোলাহাটে ৫ জন নারীসহ রোগী ভর্তি রয়েছেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১ জন। আর একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২ জনের।