সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে অভিনেত্রী কোয়েল মল্লিককে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর আগে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হওয়া কোয়েল গত ১৬ জুলাই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এবার তাঁর ছেড়ে দেওয়া আসনেই বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন তিনি।
রোববার (৪ অক্টোবর) বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ ও উত্তরাখণ্ডের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে পশ্চিমবঙ্গের উপনির্বাচনের জন্য কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়।
কোয়েল মল্লিক চলতি বছরের মার্চে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন এবং ৬ এপ্রিল সদস্য হিসেবে শপথ নেন। তবে কোনো অধিবেশনে অংশ নেওয়ার আগেই ১৬ জুলাই তিনি রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন।
তাঁর পদত্যাগের পর পশ্চিমবঙ্গের ওই আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই আসনে ভোটগ্রহণ হবে এবং একই দিন ভোট গণনা অনুষ্ঠিত হবে।
কোয়েল মল্লিকের বিজেপির প্রার্থী হওয়া নিয়ে অবশ্য তাঁর রাজ্যসভা থেকে ইস্তফার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। এর আগে তৃণমূলের তিন রাজ্যসভা সদস্য—সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক—দল ছাড়ার পর বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন।
কোয়েল মল্লিকের ক্ষেত্রেও একই ধরনের রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। বিজেপির প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান হলো।
এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরাখণ্ডের রাজ্যসভা নির্বাচনের জন্য দীনেশ আর্যকে প্রার্থী করেছে বিজেপি।