বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 01, 2026
October 01, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নকর্মীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, আটক ১

Published: October 01, 2026 at 01:02 PM
শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নকর্মীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, আটক ১

শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলা, পৌরসভার বর্জ্য পরিবহন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-জামরুলতলা ঈদগাহ সড়কে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজু আহমেদ নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত রাজু আহমেদ দৌলতপুর উপটোলা মহল্লার মোজাম্মেল হক বিশুর ছেলে। পুলিশ জানায়, ময়লা অপসারণের কাজে বাধা, পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা, বর্জ্য পরিবহন ভাঙচুর, গাড়ি চালককে মারধর এবং ককটেল বিস্ফোরণের হুমকি দেয় রাজু আহমেদ। পরে থানা পুলিশে খবর দেয়া হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা ময়লা অপসারণের গাড়ি ঈদগাহ মেইন সড়কে ময়লা সংগ্রহ করতে গেলে রাজু আহমেদ সেখানে বাধা দেন। এ সময় তিনি পৌরসভার কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি ককটেল মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেন। একই সঙ্গে পৌরসভার গাড়ি ও কর্মীদের ওপর হামলার অভিযোগও রয়েছে। এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি এজাহার দেয়া হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে রাজু আহমেদকে আটক করে। শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় সরকারি কাজে বাধা, গাড়িচালক ও পরিচ্ছন্নতাকর্মীদের মারধর এবং ককটেল বিস্ফোরণের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে। অভিযুক্ত ১ জনকে পুলিশ আটক করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।