শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুসকুনি নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম ও একই এলাকার আব্দুল হাকিম। স্থানীয় ও স্বজনরা জানিয়েছেন, আয়েস উদ্দিন ও তার ছেলে শরিফুল ইসলামসহ কয়েকজন জেলার নাচোল উপজেলার সোনাইচণ্ডী হাটে গরু কিনতে গিয়েছিলেন। গরু কেনা শেষে বাড়ি ফেরার পথে পুসকুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ভটভটিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই আয়েস উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমেরও মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, দুর্ঘটনার পর হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়। এছাড়া ঘটনাস্থলে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ - ওসি মতিউর রহমান জানান, শিবগঞ্জের কানসাট থেকে চৌডালাগামী সড়কে দূর্ঘটনাটি ঘটে। জেলার নাচোল উপজেলার সোনাইচন্ডি গরুর হাটে ব্যবসা শেষে একটি ভটভটিতে শিবগঞ্জের গরু ব্যবসায়ীরা ওউ সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী ভটভটিটি উল্টে যায়। এতে বাবা ও ছেলে সহ ৩ জন নিহত এবং ৬ জন আহত হন। তবে চালকের কোন খোঁজ মেলেনি। হতাহতরা সকলেই শিবগঞ্জের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ওই সড়কে কর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠাতে সাহায্য করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থ াগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।