রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 27, 2026
September 27, 2026
খেলাধুলা
খেলাধুলা

আশা জাগিয়েও হারল বাংলাদেশ

Published: September 27, 2026 at 12:26 PM
আশা জাগিয়েও হারল বাংলাদেশ

শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখা হলো না। চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরে এশিয়ান গেমস নারী হকির গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। রোববার (২৭ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শুরু থেকেই চাইনিজ তাইপের আক্রমণের মুখে পড়ে বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটেই হুয়াং ইউ-টিংয়ের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। প্রথম কোয়ার্টার শেষ হয় বাংলাদেশের ১-০ পিছিয়ে থেকে। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। ১৯তম মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান কনা আক্তার। এর মাত্র পাঁচ মিনিট পর আবারও লক্ষ্যভেদ করেন তিনি। কনার জোড়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। লিড পাওয়ার পর জয়টাও তখন হাতছানি দিচ্ছিল। কিন্তু তৃতীয় কোয়ার্টারে সেই স্বপ্নে ধাক্কা দেয় চাইনিজ তাইপে। ৪৫তম মিনিটে ওয়াং ইউ-চিউ গোল করে ম্যাচে সমতা ফেরান।শেষ কোয়ার্টারে জমে ওঠে লড়াই। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আবারও বাংলাদেশের রক্ষণ ভেঙে গোল করেন হুয়াং ইউ-টিং। নিজের দ্বিতীয় গোলটি করে চাইনিজ তাইপেকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ফলে জয় থেকে মাত্র কয়েক মিনিট দূরে গিয়েও খালি হাতে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে। এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলের গ্রুপ পর্বটা অবশ্য সুখকর হয়নি। প্রথম ম্যাচেই শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলে হেরে শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে মালয়েশিয়ার কাছে হার ৩-১ ব্যবধানে। তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আরও বড় ব্যবধানে হার ৮-০ গোলের ব্যবধান। টানা তিন হারের পর চতুর্থ ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ। ৩-৩ গোলে ড্র করে প্রথম পয়েন্টের দেখা পায় দলটি। শেষ ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে লিড নিয়েও জয় না পাওয়ায় পাঁচ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল মাত্র ১ পয়েন্ট। চারটি হার ও একটি ড্র নিয়ে পুল ‘এ’-এর পঞ্চম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। পাঁচ ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে চীন।