রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 27, 2026
September 27, 2026
খেলাধুলা
খেলাধুলা

ড্র নিয়ে আক্ষেপ পানামা কোচের

Published: September 27, 2026 at 12:19 PM
ড্র নিয়ে আক্ষেপ পানামা কোচের

ভারতের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়েই বেঙ্গালুরুতে এসেছিল পানামা। কিন্তু মাঠের লড়াইয়ে ভারতকে হারাতে পারেনি তারা, শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। এই ফলের জন্য অবশ্য শিষ্যদের কাঠগড়ায় তুলছেন না পানামার কোচ থমাস ক্রিশ্চিয়ানসেন। তার মতে, ম্যাচের আগে ভ্রমণ ও লজিস্টিক সংক্রান্ত জটিলতার কারণে দলটি ঠিকভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি। শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে পাঁচজন খেলোয়াড়কে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানসেন। তাদের জন্য ম্যাচটি ছিল শেখার অভিজ্ঞতা। তবে ম্যাচের প্রস্তুতিতে পর্যাপ্ত সময় না পাওয়ায় নিজের ওপরই দায় নিয়েছেন পানামার কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্রিশ্চিয়ানসেন বলেন, ‘নতুন ফুটবলারদের দিয়ে খেলানো সহজ বিষয় নয়। আজ পাঁচজন খেলোয়াড় প্রথমবারের মতো শুরু করেছে। ফলাফলের দায় আমার। ভ্রমণ ও লজিস্টিকের কারণে কাজ করার, অনুশীলনের সময় আমাদের ছিল না। তবে পাঁচজন নতুন খেলোয়াড়কে দিয়ে শুরু করতে পেরে আমি খুশি। এই অভিজ্ঞতা থেকে আমাদের শিখতে হবে। ম্যাচের আগে স্টেডিয়ামে পৌঁছাতে পানামা দলকে প্রায় দুই ঘণ্টা বাসে থাকতে হয়েছে। যানজটের কারণে দীর্ঘ এই যাত্রা দলের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে বলে মনে করেন ক্রিশ্চিয়ানসেন। আমি এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাই না। তবে যানজটের মধ্যে দুই ঘণ্টা বাসে করে স্টেডিয়ামে যাওয়া সহজ নয়। এখানকার লজিস্টিক ও ভ্রমণ ব্যবস্থাও জটিল ছিল। ভবিষ্যতে আমরা যখন আবার এ ধরনের চুক্তি করব, তখন আরও বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, ‘আমি চাই না এটাকে অজুহাত হিসেবে শোনাক। তবে মাঠের ভেতরে ও বাইরে আমরা কীভাবে বিষয়গুলো সামলাচ্ছি, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ আমাদের খেলোয়াড়েরা আরও ভালো ব্যবস্থাপনা পাওয়ার যোগ্য।