বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
September 24, 2026
খেলাধুলা
খেলাধুলা

জাপানের কাছে হেরে কাবাডিতে পদক হাতছাড়া বাংলাদেশের

Published: September 24, 2026 at 11:22 AM
জাপানের কাছে হেরে কাবাডিতে পদক হাতছাড়া বাংলাদেশের

কাবাডিতে দুই দশক পর এশিয়ান গেমসের পদক উদ্ধারের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। শুরুটাও হয়েছিল আশাব্যঞ্জকভাবে। তবে জাপানের কাছে অপ্রত্যাশিত হারের পর কঠিন হয়ে ওঠা সমীকরণ আর নিজেদের পক্ষে আসেনি। শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দলকে। এবারের এশিয়ান গেমসে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত, জাপান, চাইনিজ তাইপে ও দক্ষিণ কোরিয়া। প্রথম দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে পদকের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৪০-৩৭ পয়েন্টে হেরে যায় তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ৪৮-২৫ পয়েন্টে হারে বাংলাদেশ। এই বড় ব্যবধানের পর সেমিফাইনালের সমীকরণ আরও কঠিন হয়ে যায়। ভারত চার ম্যাচের সবকটিতে জয় নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে। অন্যদিকে বাংলাদেশ, জাপান ও চাইনিজ তাইপে দুটি করে ম্যাচ জেতায় দ্বিতীয় দল নির্ধারণে পয়েন্টের পাশাপাশি ব্যবধানও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।


টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোনো দল ২৫ শতাংশ পয়েন্ট অর্জন করতে না পারলে সেই দলের বিপক্ষে ম্যাচের হিসাব গ্রুপের সেরা দুই দল নির্ধারণে বিবেচনায় আসে না। দক্ষিণ কোরিয়া কোনো ম্যাচে প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করতে না পারায় তাদের বিপক্ষে ম্যাচ বাদ দিয়ে হিসাব করা হয়। বাংলাদেশ ভারত, চাইনিজ তাইপে ও জাপানের বিপক্ষে তিন ম্যাচে ১১০ পয়েন্ট সংগ্রহ করে এবং ১৩৫ পয়েন্ট হজম করে। ফলে তাদের ব্যবধান দাঁড়ায় -২৫। চাইনিজ তাইপের ব্যবধান ছিল -১৩। তাইপে ভারতের কাছে ৩৭-২১ ব্যবধানে হারলেও বাংলাদেশের বিপক্ষে তাদের তুলনামূলক ভালো ব্যবধানই শেষ পর্যন্ত কাজে দেয়।


অন্যদিকে জাপান দক্ষিণ কোরিয়াকে ৬৫-৩২ পয়েন্টে হারিয়ে সামগ্রিক ব্যবধান বাড়ালেও কোরিয়ার বিপক্ষে ম্যাচটি বাদ দেওয়ার পর তিন ম্যাচে তাদের ব্যবধান দাঁড়ায় -২৬। ফলে বাংলাদেশ ও জাপানকে পেছনে ফেলে গ্রুপ রানার্সআপ হয় চাইনিজ তাইপে। পদক হাতছাড়া হওয়ার পর বাংলাদেশের কোচ আব্দুল জলিল বলেন, জাপানের কাছে হারেই মূলত দল সমীকরণে পিছিয়ে পড়েছিল। চাইনিজ তাইপের বিপক্ষে আরও কিছু পয়েন্টে জিততে পারলে এবং ভারতের কাছে কম ব্যবধানে হারলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলে মনে করেন তিনি। জাপানের বিপক্ষে ম্যাচের আগে চাইনিজ তাইপেকে হারার পর বাংলাদেশ দলের উদযাপন নিয়েও প্রশ্ন উঠেছে। সেই জয়ের পর দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের পতাকা হাতে উল্লাস করতে দেখা যায়, যদিও তখনও জাপানের বিপক্ষে ম্যাচ বাকি ছিল। কোচ জলিলও স্বীকার করেছেন, ওই জয়ের উদযাপন কিছুটা অতিরিক্ত হয়ে গিয়েছিল।


জাপানের বিপক্ষে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতাই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কোচের ভাষ্য অনুযায়ী, চাইনিজ তাইপে ম্যাচের জয়ের পর অতিরিক্ত উচ্ছ্বাস এবং ডিফেন্সের দুর্বলতা পরের ম্যাচে প্রভাব ফেলেছিল। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসরাইল হাওলাদারও দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, কয়েকজন খেলোয়াড় পরিবর্তন করতে চাইলেও তা সম্ভব হয়নি। পাশাপাশি প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশের তুলনায় বেশি প্রস্তুতি নিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, ভবিষ্যতে আরও আধুনিক কোচিংয়ের প্রয়োজন রয়েছে।


এশিয়ান গেমসের জন্য কাবাডি দলকে প্রস্তুত করতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রায় অর্ধ কোটি টাকা অর্থায়ন করেছিল। আগের কমিটির সময়ে গেমসের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনাও করা হয়েছিল। তবে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর বিদেশে টুর্নামেন্ট খেলতে যাওয়ার সুযোগ হয়নি। বিদায়ী সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগের সময়ই মূলত এশিয়ান গেমসের প্রস্তুতি ও পরিকল্পনা করা হয়েছিল। দলের ফলাফলে হতাশা প্রকাশ করে তিনি জানান, দায়িত্বে থাকাকালে পেশাদারিত্বের সঙ্গে দল প্রস্তুতের চেষ্টা করেছিলেন। পদক জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ হয়নি। ২০০২ সালের পর এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে আর পদক জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই অপেক্ষা শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত জাপান ম্যাচের হার ও পরবর্তী সমীকরণে পিছিয়ে পড়ে পদক ছাড়াই ফিরতে হচ্ছে দলকে।