বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
September 24, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ওমানে বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত, উদ্ধার ১৯

Published: September 24, 2026 at 11:08 AM
ওমানে বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত, উদ্ধার ১৯

ওমানের পূর্ব উপকূলে ভারতগামী একটি বাণিজ্যিক জাহাজে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। হামলার শিকার এমভি কেপ দাও জাহাজে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নাবিকের নাম সুরজ যাদব। ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা সুরজ জাহাজটিতে ‘ওয়াইপার’ হিসেবে কর্মরত ছিলেন। ভারতের উদ্দেশে যাত্রার সময় ওমানের পূর্ব উপকূলে জাহাজটি হামলার শিকার হয়। বুধবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমভি কেপ দাওয়ে হামলার নিন্দা জানায়। এতে বলা হয়, জাহাজটিতে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় নাগরিক ‘দুঃখজনকভাবে নিহত’ হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।


মন্ত্রণালয় আরও জানায়, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত ভারতে ফেরাতে ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে দূতাবাস। এ ঘটনায় সহযোগিতার জন্য ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে ভারত। এদিকে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের সমাধানের আহ্বান জানিয়েছে দেশটি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা ‘অবশ্যই বন্ধ করতে হবে’। একই সঙ্গে ওই অঞ্চলের আন্তর্জাতিক নৌপথে দ্রুত অবাধ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই) জানিয়েছে, এমভি কেপ দাওয়ে দুটি টর্পেডো আঘাত হানে। এর একটি জাহাজের বাম পাশের ‘সি-ডেকে’ আঘাত করে, যেখানে নাবিকদের থাকার ব্যবস্থা ছিল। অপর টর্পেডোটি ইঞ্জিন কক্ষের কাছাকাছি জাহাজের বাম পাশের কাঠামোয় আঘাত করে। ইউনিয়নটির দাবি, জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন ভারতীয় নাগরিক। তবে ওমানে থাকা ভারতীয় দূতাবাসের দেওয়া ১৯ জন ভারতীয় নাবিক উদ্ধারের তথ্যের সঙ্গে এ সংখ্যার পার্থক্য রয়েছে।


এক বিবৃতিতে এফএসইউআই বলেছে, ওই অঞ্চলে নাবিকদের নিরাপত্তার যে আশ্বাস দেওয়া হয়েছিল, হামলার পর তা অর্থহীন হয়ে পড়েছে। সংগঠনটির ভাষ্য, ‘হরমুজ প্রণালি ও এর আশপাশে নিরপরাধ বেসামরিক নাবিকদের হত্যা করা হচ্ছে।’ হামলার ঘটনায় দ্রুত জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি ওই অঞ্চলের নৌপথ ব্যবহারকারী নাবিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সুরজ যাদবসহ ‘এখনো ঝুঁকিতে থাকা প্রত্যেক ভারতীয় নাবিকের’ জন্য ন্যায়বিচারের দাবি জানিয়েছে তারা।