সোমবার ০৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 03, 2026
August 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

৫ আগস্ট উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

Published: August 03, 2026 at 02:42 PM
৫ আগস্ট উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

আগামী বুধবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। 

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহরের ফুড অফিস মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহরের গুরুত্বপূর্ণ স্থানে (বারঘরিয়া গোলচত্বর, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চ) সুবিধামত সময়ে এবং সন্ধ্যা ৭টায় জুলাই আন্দোলনের ওপর নির্মিত বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র বা প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। বাদ জোহর বা সুবিধামত সময়ে জেলা ও উপজেলার সকাল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত বা প্রার্থনা করা হবে। 

বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে জুলাই শহীদদের কবরস্থান জিয়ারত করা হবে। 

এদিন সুবিধামত সময়ে জেলার সকল সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে প্রীতিভোজের আয়োজন করা হবে। 

এছাড়া বুধবার জেলার সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখতে বলা হয়েছে। 

এদিকে সোমবার দিবসটি উপলক্ষে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও আগামীকাল বুধবার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করতে বলা হয়েছে। 

দিবসের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেছেন, “২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় অধ্যায়। দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ছাত্র-জনতাসহ সর্বস্তরের জনগণ এই ঐতিহাসিক আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁদের মহান আত্মত্যাগ ও অবদানের মধ্য দিয়ে সূচিত হয়েছে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা।”

তিনি আরো বলেন- “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপনের লক্ষে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আগামী ৫ আগস্ট, ২০২৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।”