মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 28, 2026
July 28, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করবেন যেভাবে

Published: July 28, 2026 at 11:58 AM
কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করবেন যেভাবে

গরম ভাতের সঙ্গে মুরগি-কাঁঠালের বিচির ঝোলের জুড়ি নেই। কাঁঠালের অংশই ফেলে দেওয়া যায় না। ফল থেকে শুরু করে বিচি নানা কাজে ব্যবহার করা যায়। কাঁচা কাঁঠাল দিয়ে যেমন সুস্বাদু তরকারি রান্না হয়, তেমনি পাকা কাঁঠালের বিচি দিয়েও তৈরি করা যায় মুখরোচক নানা পদ। ভর্তা, ভুনা, ডাল কিংবা ভাজি-সবকিছুতেই বিচির আলাদা স্বাদ রয়েছে। তবে মুরগির মাংসের সঙ্গে কাঁঠালের বিচির ঝোল বা ভুনার স্বাদ একেবারেই ভিন্ন মাত্রা যোগ করে। মুরগির নরম মাংস আর বিচির বাদামি স্বাদের মেলবন্ধনে তৈরি এই পদ গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস যেভাবে রান্না করবেন-


উপকরণ

মুরগির মাংস ১ কেজি

কাঁঠালের বিচি ১ থেকে দেড় কাপ

পেঁয়াজ কুচি ১ কাপ

আদা ও রসুন বাটা ৩ চা চামচ

হলুদ ১ চা চামচ

মরিচ গুঁড়া ১ চা চামচ

ধনে গুঁড়া আধা চা চামচ

জিরার গুঁড়া আধা চা চামচ

এলাচ-৩-৪টি

তেজপাতা ২টি

গরমমসলার গুঁড়া ১ চা চামচ

কাঁচা মরিচ ৩-৪টি

তেল পরিমাণমতো

লবণ স্বাদমতো


প্রস্তুত প্রণালি

প্রথমে কাঁঠালের বিচির ওপরের লালচে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিন। চাইলে সামান্য হলুদ মিশিয়ে ৫-৭ মিনিট হালকা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে পারেন। এতে বিচি দ্রুত সিদ্ধ হবে এবং রান্নার সময় আরও নরম হবে। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এবার হলুদ, মরিচ, ধনে, জিরা ও প্রয়োজনমতো লবণ সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে সুগন্ধ বের করে নিন। মসলা থেকে তেল আলাদা হতে শুরু করলে মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে সেদ্ধ করা কাঁঠালের বিচি যোগ করুন। মাংস ও বিচি একসঙ্গে আরও কয়েক মিনিট কষিয়ে নিন, যাতে মসলার স্বাদ ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এরপর ঝোলের জন্য প্রায় ২ কাপ গরম পানি ঢেলে কড়াই ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না মুরগির মাংস ও কাঁঠালের বিচি পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোল মাখা-মাখা হয়ে আসে। শেষে তেল ওপরে ভেসে উঠলে চুলা বন্ধ করে নামিয়ে নিন। গরম গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মুরগি ও কাঁঠালের বিচির ঝোল।