রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
July 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ হাজার ৮০০ হেক্টরে রোপা আমন আবাদ শুরু

Published: July 14, 2026 at 03:36 PM
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ হাজার ৮০০ হেক্টরে রোপা আমন আবাদ শুরু

চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় রোপা আমন আবাদ শুরু হয়েছে। চলতি মৌসুমে ৫৩ হাজার ৮০০ হেক্টর জমিতে আবাদ এবং প্রায় ২ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এ জন্য ৩ হাজার ৬৩২ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করে চারা উৎপাদন করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ১০ হাজার ১৪৫ হেক্টর, শিবগঞ্জে ৫১০ হেক্টর, গোমস্তাপুরে ১৬ হাজার ৫৭০ হেক্টর, নাচোলে ২২ হাজার ১৯৫ হেক্টর এবং ভোলাহাটে ৪ হাজার ৩৮০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হবে। এর মধ্যে নাচোলে সবচেয়ে বেশি এবং শিবগঞ্জে সবচেয়ে কম আবাদ হবে।

কৃষকরা জানান, চলমান বৃষ্টিপাতের কারণে এবার রোপা আমনের আবাদ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই জমি প্রস্তুতের পাশাপাশি চারা রোপণ শুরু করেছেন। আগামী সপ্তাহ থেকে পুরোদমে আবাদ শুরু হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে রোপণে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। বর্তমানে রাসায়নিক সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকরা সরকারি নির্ধারিত দামে ইউরিয়া, ডিএপি, এমওপি ও টিএসপি সার কিনে জমিতে ব্যবহার করছেন।