রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 13, 2026
July 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ

Published: July 14, 2026 at 01:10 PM
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহীতে মোটর শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এবং রাজশাহী হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। এতে বর্ষার মধ্যে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে সিএনজি অটোরিকশা, ইজিবাইকসহ ছোট যানবাহনে রাজশাহীর উদ্দেশে রওনা দিচ্ছেন।

স্থানীয় শ্রমিক সূত্র জানায়, সোমবার রাজশাহীতে শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে সেখান থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর প্রভাব পড়ে চাঁপাইনবাবগঞ্জেও। মঙ্গলবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লা, আঞ্চলিক ও রাজশাহী রুটের সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান বলেন, এটি চাঁপাইনবাবগঞ্জের কোনো সমস্যা নয়। রাজশাহীর শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে সমস্যার সমাধান না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলোকে প্রয়োজনে রাজশাহী বাইপাস করে নওগাঁ বা বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে একতা পরিবহনের কাউন্টার মাস্টার আইনাল হক বলেন, রাজশাহীর ওপর দিয়ে রুট হওয়ায় তারা দূরপাল্লার বাস পরিচালনা করতে পারছেন না। একই কথা জানান শামীম এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার নাসিরুদ্দিন।

রাজশাহী রুটের মহানন্দা সার্ভিসের শ্রমিক ইউনিয়নের সদস্য নাগর আলী বলেন, কখন এ সমস্যার সমাধান হবে তা এখনো নিশ্চিত নয়। মঙ্গলবার রাজশাহী রুটের বিরতিহীন গেটলক সার্ভিসের কাউন্টার বন্ধ রয়েছে। এছাড়া বিশ্বরোড মোড়ে গেটলক, মহানন্দা ও লোকাল রুটের সিরিয়াল কাউন্টারও বন্ধ থাকায় যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম তোতা বলেন, বর্তমানে নির্বাচিত কমিটি ইউনিয়নের দায়িত্বে নেই; জেলা প্রশাসক প্রশাসকের দায়িত্ব পালন করছেন। শ্রমিকরা নতুন নির্বাচন দাবি করছেন। সোমবার জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে ঐকমত্য না হওয়ায় একটি বিক্ষুব্ধ পক্ষ বাস চলাচল বন্ধ করে দেয়। তবে মঙ্গলবারও প্রশাসনের সঙ্গে আলোচনা চলছিল এবং বাস চলাচল স্বাভাবিক করার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান।

এদিকে, হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী শত শত যাত্রীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। দ্রুত সমস্যা সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।