তারুণ্যের আশা—আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, ড্যাব সভাপতি ডা. ময়েজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সিটি প্রেস ক্লাকের সভাপতি কামাল সুকরানাসহ অন্যরা।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠকর্মী ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা মিনি কনফারেন্স রুমে ইউএনও প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বক্তব্য দেন। বক্তারা তরুণদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনসংখ্যাগত পরিবর্তনের প্রভাব তুলে ধরেন। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।